২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিব চিরন্তন: দ্বিতীয় দিনের থিম ‘মহাকালের তর্জনী’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দশ দিনের আয়োজনের দ্বিতীয় দিনের থিম ‘মহাকালের তর্জনী’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2021, 09:10 PM

Updated : 02 Aug 2022, 05:32 PM

১৭ মার্চ থেকে ২৬ শে মার্চ ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে আলাদা থিমভিত্তিক আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, অডিও ভিজ্যুয়াল এবং বিশেষ পরিবেশনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বাংলাদেশ।

তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে এই আয়োজনে পাঁচ দিন বাংলাদেশের সঙ্গী হচ্ছেন প্রতিবেশী পাঁচ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান। 

এই পাঁচ দিন পাঁচশ জন করে অতিথি উপস্থিত থাকার সুযোগ পাবেন, বাকি দিনগুলোর অনুষ্ঠান সীমাবদ্ধ থাকবে সরাসরি সম্প্রচারে।

১৭, ১৯, ২২, ২৪ এবং ২৬ মার্চের অনুষ্ঠান বিকাল সাড়ে ৪টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।

অন্যান্য দিন বিকাল সোয়া ৫টায় শুরু হয়ে রাত ৮টায় শেষ হবে। প্রতিদিনের অনুষ্ঠানে সন্ধ্যা ৬টা থেকে ৩০ মিনিটের বিরতি থাকবে।

বঙ্গবন্ধুর জন্মদিন বুধবার অনুষ্ঠানের থিম ছিল ‘ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়’।  প্রথম দিনের এ আয়োজনে উপস্থিত ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ।

জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি জানিয়েছে, ১৮ মার্চ দ্বিতীয় দিনের আয়োজনের থিম ‘মহাকালের তর্জনী’।

মুজিব চিরন্তন প্রতিপাদ্যের ওপর টাইটেল অ্যানিমেশন ভিডিও পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপর আবহ সংগীত পরিবেশিত হবে। বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে স্বাগত সম্ভাষণ দেওয়ার পর অডিও-ভিজুয়াল প্রদর্শিত হবে।

এরপর থিমভিত্তিক আলোচনা করবেন ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন।

সম্মানিত অতিথির বক্তব্য অংশে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনসেনের ধারণ করা ভিডিও বার্তা প্রচারের মাধ্যমে আলোচনা পর্বের সমাপ্তি হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বন্ধু রাষ্ট্র ভিয়েতনামের সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারণ করা ভিডিও পরিবেশিত হবে।

এরপর ‘মহাকালের তর্জনী’ থিমের উপর ভিত্তি করে নির্মিত অডিও ভিজ্যুয়ালে ফুটে উঠবে জাতির পিতার সংগ্রামী জীবনের নানা অধ্যায়।

পটের গানের উপস্থাপনার মাধ্যমে  ঐতিহাসিক  ৭ মার্চের ভাষণের সাথে অর্কেস্ট্রা মিউজিক, বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর ভিত্তি করে লাইট এবং সাউন্ড শো, দুই প্রজন্মের শিল্পীদের মেলবন্ধনে মিশ্র সংগীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হবে।

বিকাল সোয়া ৫টায় শুরু হয়ে রাত ৮টায় শেষ হবে দ্বিতীয় দিনের আয়োজন। সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ৩০ মিনিটের বিরতি থাকবে।

বর্ণাঢ্য এই আয়োজন সরাসরি সম্প্রচার করা হবে।

পুরনো খবর:

তোমার কীর্তি বহমান
এক বিন্দুতে অনন্য দুই লগ্ন, উদযাপনে বাংলাদেশ