২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগে নিশ্চিত সহায়তার জন্য হতদরিদ্রদের তালিকা তৈরিতে জোর

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাওয়া নিশ্চিত করতে সারা দেশের হতদরিদ্র ও ঝুকিপূর্ণ মানুষের তালিকা তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন একটি সংলাপের বক্তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2020, 06:22 PM

Updated : 10 Oct 2022, 07:39 PM

‘করোনা ও বন্যা মোকাবিলায় ত্রাণ কর্মসূচি এবং কৃষি প্রণোদনা সরকারি পরিষেবার কার্যকারিতা’ শীর্ষক সংলাপ থেকে প্রান্তিক মানুষের ডেটাবেজ তৈরির এই পরামর্শ আসে।

বক্তারা বলেন, সরকারের কাছে সারা দেশের হতদরিদ্র্য ও ঝুকিপূর্ণ মানুষের তালিকা না থাকায় দুর্যোগ দেখা দিলে সঠিক মানুষটি সরকারি সহায়তা পায় না। অন্যদিকে সহায়তার যোগ্য না হলেও অন্যরা সহায়তা নিয়ে যাচ্ছে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), অক্সফাম ইন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় অনুষ্ঠিত ভার্চুয়াল সংলাপে নেত্রকোনা জেলার জেলা প্রশাসন ও স্থানীয় সুবিধাভোগী ভুক্তভোগীর কয়েকজনকে ভিডিও কনফারেন্সে যুক্ত করা হয়।

সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের সময় কোভিড-১৯ মহামারী ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় আম্পানের প্রলয় ওই অঞ্চলের, বিশেষ করে, হতদরিদ্র মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে এসডিজি বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে এই অতিমারি ও ঘূর্ণিঝড় আম্পান আরও কঠিন করে তুলেছে।

তিনি বলেন, এই দুর্যোগ মোকাবিলায় সরকার হতদরিদ্রদের জন্য ২ হাজার ৫০০ টাকার যে নগদ সহায়তা দিয়েছে তা বণ্টনের সময় প্রান্তিক মানুষেরা পেলেও অনেক ক্ষেত্রে সুশাসনের ভিত্তিতে হয়নি।

“তাই এক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দারিদ্র বিমোচনের জন্য দেশের হতদরিদ্রদের একটি তালিকা প্রণয়ন খুবই জরুরি হয়ে পড়েছে।“

মূল প্রবন্ধে সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট মোস্তফা আমির সাবিহ কোভিড-১৯ ও ঘূর্ণঝড় আম্পানের কারণে ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধির জন্য বাস্তবায়ন নির্দেশিকা অনুযায়ী প্রচার-প্রচারণার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, সরকারি সুবিধাভোগী নির্বাচনে জনপ্রতিনিধিদের পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংশ্লিষ্ট বাড়াতে হবে।

“হতদরিদ্র মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলতে হলে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা সবচেয়ে বেশি প্রয়োজন। একইসঙ্গে এসব মানুষের জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে তা সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।“

ভিডিও কনফারেন্সে ‍যুক্ত হয়ে নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান বলেন, কোভিড-১৯ ও আম্পানের ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের তালিকা প্রণয়ণের ক্ষেত্রে জেলা প্রশাসন সরাসরি যুক্ত হয়েছে।

নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির বলেন, “আমাদের সাধ আর সাধ্যের সমন্বয় ঘটিয়ে মহামারী ও দুর্যোগ মোকাবিলা করতে হবে। তবে আমাদের ডেটাবেজ না থাকার কারণে সঠিক সুবিধাভোগী নির্বাচনে সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা দূর করার জন্য একটি জাতীয় ডেটাবেজ তৈরি করতে হবে।”

সংলাপে নেত্রকোনা থেকে প্রায় ৬০ জন সুবিধাভোগী যুক্ত হয়ে সরকারের সহযোগিতা পাওয়ার কথা বলার পাশাপাশি বাচাই প্রক্রিয়া ত্রুটির কারণে প্রান্তিক অনেকে সরকারের এই সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবী করা হয়েছে।