ভাস্কর্য নিয়ে ‘বিভ্রান্তি’ ছড়াচ্ছে মৌলবাদীরা: ৩০ কবির বিবৃতি
ভাস্কর্য নিয়ে মৌলবাদী গোষ্ঠী ‘উসকানিমূলক বক্তব্য’ দিয়ে জনমনে ‘বিভ্রান্তি’ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের ৩০ জন কবি।
তারা বলেছেন, বঙ্গবন্ধু জন্মশতবর্ষ এবং মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর উদযাপন লগ্নে ‘স্বাধীনতাবিরোধী, উগ্রবাদী অপশক্তির’ এই কর্মকাণ্ড বাংলাদেশের প্রগতিবাদী অভিযাত্রাকে ‘সরাসরি চ্যালেঞ্জ’ করার নামান্তর।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে স্বাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন, কবি আসাদ চৌধুরী, মোহাম্মদ রফিক, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, রুবী রহমান, সানাউল হক খান, হাবীবুল্লাহ সিরাজী, অসীম সাহা, মুহম্মদ নূরুল হুদা, কাজী রোজী, কামাল চৌধুরী, ফারুক মাহমুদ, নাসির আহমেদ, মোহাম্মদ সাদিক, মুহাম্মদ সামাদ, তারিক সুজাত, আসলাম সানী, আলতাফ হোসেন, পিয়াস মজিদ, গোলাম কিবরিয়া পিনু ও শিহাব সরকারসহ ৩০ জন।
তাদের বিবৃতিতে বলা হয়, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, গত কিছুদিন ধরে সাম্প্রদায়িক মৌলবাদী ও উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী ভাস্কর্যশিল্পের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদান করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
“শুধু তাই নয়, তারা কুষ্টিয়াতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেছে, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল।”
মুজিববর্ষে ঢাকার ধোলাইড়পাড়ে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য সরকার স্থাপন করছে, তার বিরোধিতায় নেমেছে হেফাজতে ইসলামসহ ইসলামী কয়েকটি দল।
এদের মধ্যে হেফাজতের আমির জুনাইদ বাবুবনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর সৈয়দ ফয়জুল করিম বেশ সরব।
সম্প্রতি রাজধানীর ধোলাইরপাড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে সে কাজ অবিলম্বে বন্ধের দাবি তোলেন হেফাজত নেতা মামুনুল।
গত ২৭ নভেম্বর চট্টগ্রামের এক অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমীর জুনাইদ বাবুনগরী বলেন, যে কোনো দল ভাস্কর্য বসালে তা ‘টেনে হিঁচড়ে ফেলে দেওয়া হবে।
এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কবিরা বলেন, “বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং মহান মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর উদযাপনলগ্নে স্বাধীনতাবিরোধী, উগ্রবাদী অপশক্তির এহেন সংস্কৃতিবিরোধী ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড বাংলাদেশের অব্যাহত প্রগতিবাদী অভিযাত্রাকে সরাসরি চ্যালেঞ্জের নামান্তর।”
ভাস্কর্য নিয়ে ধর্মভিত্তিক সংগঠনগুলোর কর্মকাণ্ডকে ‘ঘৃণ্য ও ন্যক্কারজনক’ হিসেবে বর্ণনা করে তাদের বিবৃতিতে বলা হয়, “এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি দাবি করছি। একইসঙ্গে ভাস্কর্য শিল্প, অর্থাৎ সাংস্কৃতিক স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থানকারী মৌলবাদী চক্রের আস্ফালন বন্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি মৌলবাদের উৎসমূল উৎপাটনের উদাত্ত আহ্বান জানাচ্ছি।“
কবিদের বিবৃতিতে বলা হয়, “এ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি বাংলাদেশের সকল নাগরিকের সচেতন ভূমিকা প্রত্যাশা করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে বাংলাদেশকে জঙ্গিবাদী ও বাঙালি সংস্কৃতিবিরোধী অপশক্তির হাত থেকে রক্ষা করতে।”
