২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরের শিশু ধর্ষণ-হত্যাচেষ্টার মামলা ৩১ মার্চের মধ্যে নিষ্পত্তির আদেশ

দিনাজপুরের পার্বতীপুরের পাঁচ বছরের শিশু ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা ৩১ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2020, 08:37 PM

Updated : 18 Aug 2022, 04:10 PM

দিনাজপুরের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এ নির্দেশ বাস্তবায়ন হাই কোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ মামলার বিচারের দীর্ঘসূত্রিতার বিষয়টি নজরে আসার পর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ রোববার স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়।

প্রায় চার বছর ধরে ঝুলে থাকা মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য উচ্চ আদালতের নির্দেশনা চেয়ে আবেদন করেন আইনজীবী মো. আতাউল্লাহ নুরুল কবির।

তিনিই আবেদনের শুনানি করেন; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত তিনটি নির্দেশনা দিয়েছেন। ৩১ মার্চের মধ্যে দিনাজপুরের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে মামলাটির বিচারকাজ শেষ করে আদালতে বাস্তবায়ন প্রতিবেদন দিতে হবে।

মামলার পরবর্তী বিচারকাজে সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং মামলাটির তদন্ত কর্মকর্তাকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে তাদের অবহেলা থাকলে বা তারা ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

“এছাড়া ধর্ষণের শিকার এই শিশুটি অসুস্থ। ধর্ষণের কারণেই শিশুটির প্রজনন অঙ্গে সংক্রমণ হয়েছে। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। আদালত দিনাজপুর ও পার্বতীপুরের মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাকে শিশুটির চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন।”

আইনজীবী আতাউল্লাহ বলেন, “মামলাটি সাক্ষ্যগ্রহণের পর্যায়ে আছে। মোট ২৪ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষের সাতজন সাক্ষ্য দিয়েছেন। কিন্তু দীর্ঘসূত্রিতার কারণে আসামি পক্ষ সাক্ষীদের উপর প্রভাব বিস্তার করার সুযোগ পাচ্ছে। তার প্রমাণ হচ্ছে, সর্বশেষ ছয় এবং সাত নম্বর সাক্ষীকে বৈরী ঘোষণা করা হয়েছে।”

২০১৬ সালের ১৮ অক্টোবর পার্বতীপুর উপজেলার সিঙ্গীমারী জমিরহাট গ্রামের ওই শিশু বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। সন্ধান না পেয়ে ওইদিন রাতে তার বাবা পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরদিন ভোরে বাড়ির পাশে একটি হলুদ ক্ষেত থেকে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।

পরে ২০ অক্টোবর রাতে শিশুটির বাবা একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৮) আসামি করে পার্বতীপুর মডেল থানায় ধর্ষণ মামলা করেছেন।

মামলার প্রধান আসামি সাইফুলকে ওই বছরের ২৪ অক্টোবর পুলিশ গ্রেপ্তার করে। অপর আসামি আফজাল হোসেন কবিরাজ প্রথমে পলাতক থাকলেও পরবর্তীতে তাকেও গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় সে জামিনে আছে।