কাতারে স্বদেশিকে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবক ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তার
কাতারে এক প্রবাসী বাংলাদেশিকে হত্যায় সে দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক যুবককে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
রাশিদুল হক (৩০) নামের এই আসামিকে শনিবার গ্রেপ্তার করা হয় বলে সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জিসানুল হক জানিয়েছেন।
তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাতারে বাংলাদেশ দূতাবাসের আবেদনের প্রেক্ষিতে রাশিদুলের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সিআইডি কর্মকর্তা জিসানুল জানান, ২০১৪ সালের ৯ জানুয়ারি কাতার প্রবাসী আব্দুর রাজ্জাক খুন হন। কাতার পুলিশ তদন্ত করে চারজন বাংলাদেশি এবং একজন নেপালির এই হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পায়।
পরে কাতার আদালতে বিচার শেষে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর চারজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ওই চারজনের একজন রাশিদুল হক জানিয়ে জিসানুল বলেন, রাজ্জাক হত্যাকাণ্ডের পরপরই পালিয়ে বাংলাদেশে চলে আসেন রাশিদুল।
পরবর্তীতে সেদেশের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেয়।
