এমপি শফিকুল নয়, শফিউল কোভিড-১৯ আক্রান্ত: সংসদ সচিবালয়
নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর সত্য নয় বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
বরং ঢাকা-১০ আসনের সাংসদ বিজিএমইএর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন আক্রান্ত হয়েছেন বলে রোববার সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “কতিপয় পত্রিকায় ৫৯ নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা অসত্য। মূলত ১৮৩ ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ হয়েছেন।”
এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, শহীদুজ্জামান সরকার, নুরুজ্জামান বিশ্বাস, নাদিরা ইয়াসমিন জলি তাহমিনা বেগমেরও কোভিড-১৯ পজিটিভ এসেছে বলে জানানো হয়।
সংসদের মেডিকেল সেন্টার থেকে নেওয়া তথ্য অনুযায়ী শনিবার ৬ সংসদ সদস্যের করোনাভাইরাস আক্রান্তের খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শহীদুজ্জামান সরকার ও নুরুজ্জামান বিশ্বাস তাদের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। শফিকুল ইসলাম শিমুলের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
রোববার শুরু হতে যাওয়া সংসদে মুজিবর্ষের বিশেষ অধিবেশন উপলক্ষে সংসদ সদস্যরা ছাড়াও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছে।
