২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টেও জামিন মিলল না সাবরিনার

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় হাই কোর্ট থেকেও জামিন পেলেন না জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2020, 09:09 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

তার আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে মঙ্গলবার খারিজ করে দিয়েছে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের ভার্চুয়াল বেঞ্চ।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

সাইফুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ সেপ্টেম্বর নিম্ন আদালতে ডা. সাবরিনা আরিফের জামিন আবেদন খারিজ হলে এর বিরুদ্ধে তিনি হাই কোর্টে জামিন আবেদন করেছিলেন।

“আজ আদালত তার আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।”

ঢাকার মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী আদালতে গত ২০ আগস্ট সাবরিনা ও তার স্বামী জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।

মামলায় অন্য আসামিরা হলেন- আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের দায়িত্ব নিয়েছিল ওভাল গ্রুপের প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ার।

কিন্তু জুনের শেষ দিকে অভিযোগ আসে, সরকারের কাছ থেকে বিনামূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে বুকিং বিডি ও হেলথকেয়ার নামে দুটি সাইটের মাধ্যমে টাকা নিচ্ছিল জেকেজি। নমুনা পরীক্ষা না করে রোগীদের ভুয়া সনদও তারা দিচ্ছিল।

এ বিষয়ে রাজধানীর কল্যাণপুরের একটি বাড়ির কেয়ারটেকার কামাল হোসেনের অভিযোগের সত্যতা পেয়ে গত ২২ জুন জেকেজি হেলথকেয়ারের সাবেক গ্রাফিক ডিজাইনার হুমায়ুন কবীর হিরু ও তার স্ত্রী তানজীন পাটোয়ারীকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাদের কম্পিউটার থেকে চারজন প্রবাসীরসহ ৪৩ জনের নামে তৈরি করা করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট পাওয়া যায়।

পরদিন কামাল হোসেন বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা করেন ওই দুজনের বিরুদ্ধে। সরকারি নাম ব্যবহার করে টাকা আত্মসাৎ, কাজে অবহেলার মাধ্যমে জীবন বিপন্নকারী রোগের সংক্রামণ বিস্তারের ঝুঁকি তৈরি, করোনাভাইরাসের সনদ জালিয়াতির অভিযোগ আনা হয় সেখানে।

হুমায়ুন ও তার স্ত্রীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে তেজগাঁও থানা পুলিশ জেকেজির সিইও আরিফুল চৌধুরী, তার বোন জেবুন্নেছাসহ সাতজনকে গ্রেপ্তার করে। পরে ১২ জুলাই জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডা. সাবরিনাকেও গ্রেপ্তার করা হয়।

গত ৫ আগস্ট এ মামলায় ঢাকা সিএমএম আদালতে ডিবির পরিদর্শক লিয়াকত আলী আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তারপর ২০ আগস্ট অভিযোগ গঠন করা হয়।

সাক্ষী হাজিরে ব্যর্থতায় ওসিদের ক্ষমা প্রার্থনা

ডা. সাবরিনা আরিফসহ আটজনের বিরুদ্ধে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় উপযুক্ত কারণ ছাড়া সাক্ষী হাজির করতে না পারার কারণে বিচারিক আদালতে ক্ষমা চেয়ে পার পার পেয়েছেন গুলশান ও খিলগাঁও থানার দুই ওসি।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালতে গুলশান থানার ওসি আবুল হাসান এবং খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম লিখিতভাবে চিঠি দিয়ে ক্ষমা চান।

গত ২১ অক্টোবর মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু ওইদিন তারা সাক্ষী হাজির করতে পারেননি। এজন্য বিচারক তাদের কারণ দর্শানোর নোটিস দিয়েছিলেন।

মঙ্গলবার মনির হোসেন নামে রাষ্ট্রপক্ষে জব্দতালিকার একজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

মনির তালাচাবি বিক্রি ও সারাই করেন। জেকেজি হেলথকেয়ারের পাশেই তিনি ছিলেন অভিযানের সময়।

তার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ১৬ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। এ নিয়ে মামলাটিতে ৪০ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য শেষ হল।