রাজধানীতে ৪৯ লাখ টাকার জাল নোটসহ চারজন গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে ৪৯ লাখ টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মশিউর রহমান জানান, তাদের একটি দল রোববার দুপুরে নুরজাহান রোডের এক বাড়ির দোতালার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- হুমায়ুন কবীর, জামাল হোসেন, শাহনাজ বেগম ও সুমি আকতার।
তিনি বলেন, “হুমায়ুন কবীর এই চক্রের হোতা। ২০০২ সাল থেকে সে এই কারবার চালিয়ে আসছে। অন্তত আটবার তাকে প্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ প্রায় ছয় মাস আগে জামিনে বেরিয়ে এসে আবারও নোট জালিয়াতি শুরু করেছে।”
আর জামাল পেশায় একজন রঙমিস্ত্রী। প্রতি লাখ জাল টাকা তিনি ১০ থেকে ১২ হাজার টাকায় কিনে নিয়ে ‘খোলা বাজারে কেনাবেচা’ করতেন বলে গোয়েন্দা পুলিশের ভাষ্য।
মশিউর বলেন, “সাভার, মানিকগঞ্জ, কাপাসিয়াসহ বিভিন্ন গ্রামাঞ্চলে সে এই জাল নোট দিয়ে সাধারণ জিনিসপত্র কেনাকাটা করত। বিশেষ করে ছোট ছোট দোকানে এসব জাল টাকা সে ব্যবহার করত।”
গোয়েন্দা পুলিশ বলছে, গ্রেপ্তার হুমায়ুন এই চক্রের হোতা
তিনি বলেন, জামাল ছাড়াও আল আমীন, বাদল ও জাসীম নামে আরও তিনজন সহযোগী রয়েছে হুমায়ুনের, যারা মাঠ পর্যায়ে জাল টাকা ছড়ানোর কাজ করে।
“এই চক্রটি কোটি কোটি টাকার জাট নোট তৈরি করে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয় তাদের এজেন্টদের মাধ্যমে।”
সোমবার তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা মশিউর।
