২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প নিয়ে প্রশ্নের মুখে মন্ত্রণালয়

কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে একাধিকবার সময় বাড়ানো নিয়ে প্রশ্নের মুখে পড়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2020, 11:45 PM

Updated : 18 Aug 2022, 03:54 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়।

ওই আলোচনায় মন্ত্রণালয় জানায়, কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে তিন বার সময় বাড়ানো হয়েছে। এতে ব্যয়ও বেড়েছে। এখন ৮০ দশমিক ৩০ শতাংশ বাস্তব অগ্রগতি হয়েছে। আগামী বছরের ডিসেম্বরে প্রকল্পটি শেষ হবে। প্রকল্পটি ২০১৮ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল।

এতে কমিটির একাধিক সদস্য অসন্তোষ প্রকাশ করেন।

কমিটি জানতে চায়, কেন বার বার এই প্রকল্পের সময় বাড়ানো হচ্ছে। ২০০৯ সালে নেওয়া প্রকল্প এখনও কেন শেষ হয়নি। ঠিকাদারকে টাকা পরিশোধ করা হয়ে গেছে কি না?

জবাবে মন্ত্রণালয় বিভিন্ন জটিলতার কথা জানায়।

বৈঠক শেষে কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ সাংবাদিকদের বলেন, “মন্ত্রণালয় বলেছে, এই প্রকল্পের কয়েকটি অংশের কাজ ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় করছে। যে কারণে বিলম্বিত হয়েছে।”

“তবে এই কারণেই বিলম্বিত হয়েছে, না অন্য কোনো কারণ আছে অর্থাৎ যৌক্তিক কোনো কারণ আছে কি না, এটি দেখা হবে। এ বিষয়ে প্রকল্প পরিচালকে একটি লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর কমিটি পরবর্তী নির্দেশনা দেবে।”

এদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি বলেছে, প্রকল্পের খরচ বৃদ্ধি রোধ করতে যে সব প্রকল্পে জমি অধিগ্রহণের বিষয় আছে সে প্রকল্পগুলোর শুরু থেকেই ভালোভাবে নিরীক্ষা করে সে অনুযায়ী প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা উচিৎ। প্রয়োজনে একটি বড় প্রকল্পকে কয়েকভাগে ভাগ করে মন্ত্রণালয়কে ছোট একাধিক প্রকল্প গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। যে কোন প্রকল্প নেওয়ার আগে মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

দীর্ঘদিন আগে যে সব প্রকল্প হাতে নেয়া হয়েছে কিন্তু এখন প্রকল্পগুলোর কাজ বন্ধ বা বন্ধ হওয়ার উপক্রম, সে প্রকল্পগুলোর কাজ কীভাবে দ্রুত শুরু করে প্রকল্প বাস্তবায়ন করা যায় মন্ত্রণালয়কে সে বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি সুপারিশ করেছে।

আব্দুস শহীদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা, আহসান আদেলুর রহমান এবং ওয়াসিকা আয়শা খান অংশ নেন।

পুরনো খবর:

১৮৬৮ কোটি টাকায় কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণে সায়
শাহজালালের তৃতীয় টার্মিনাল নির্ধারিত সময়েই: প্রতিমন্ত্রী