২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূরের গ্রেপ্তার দাবিতে শাহবাগে মশাল মিছিল

ফেইসবুক লাইভে এসে ধর্ষণ মামলার বাদীকে ‘দুশ্চরিত্রা’ বলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে গ্রেপ্তারসহ পাঁচ দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2020, 10:39 PM

Updated : 10 Oct 2022, 07:28 PM

বুধবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদ দেশে সমাবেশ শেষে শাহবাগ পর্যন্ত মশাল মিছিল করেন তারা।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী সমাজকে হেয় প্রতিপন্ন করে কটূক্তি ও সাংবাদিককে হেনস্তা করায় নুরুল হক নূরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার; ঢাবির ছাত্রী ধর্ষণ, ছাত্রফ্রন্টের নেতা কর্তৃক তরুণী ধর্ষণ ও সিপিবির নেতা কর্তৃক সিপিবির নেত্রী জলি তালুকদারকে যৌন নিপীড়ন ইত্যাদি অপরাধে জড়িত সবাইকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার; ছাত্র অধিকার পরিষদকে আইন করে নিষিদ্ধ করা এবং শাহবাগে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীকে অবমাননাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান।

সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “বিচার প্রার্থী মেয়েটিকে কটূক্তি করে নুরু প্রমাণ করেছে সে কতটা অমানুষ, নোংরা ও মানসিক রোগী। ধর্ষণ, ধর্ষণ পরবর্তী সামাজিকভাবে হেয় করা ও হুমকি দেওয়া ইত্যাদি অপরাধের মাত্রাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। আইনের দৃষ্টিতে এরা সকলেই সমান অপরাধী।

“ধর্ষণ মামলার আসামি নুরুল হক নূর গংদের এখনও পর্যন্ত গ্রেপ্তার না করার কারণে ছাত্রসমাজসহ দেশের সকল শ্রেণির মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চারিত হয়েছে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদতে পারে না।”

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, “গতকাল নুরুর সমর্থকরা একাত্তর টিভির একজন সাংবাদিককে হেনস্তা করেছে। একজন সাংবাদিককে হেনস্তা করার মাধ্যমে প্রমাণিত হয় নুরু গংরা কখনোই সুস্থ ধারার রাজনীতি চর্চা করে না। এরা স্বাধীনতাবিরোধী অপশক্তি পাকিস্তানিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। একজন নারীকে কটূক্তি ও সাংবাদিককে হেনস্তা করার মাধ্যমে নুরু গংরা পুরো নারী ও সাংবাদিক সমাজকে অপমান করেছে বলে আমরা মনে করি।

“নুরু গংদের এ রকম ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ। অবিলম্বে ঢাবি ছাত্রী ধর্ষণ মামলার আসামি নুরুল হক নূরকে গ্রেপ্তারসহ আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।"

কর্মসূচিতে মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সহ-সভাপতি কামরুজ্জামান রাজু, শুভ্র মাহমুদ, মাকসুদ হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।