২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের স্তব গাইতে গাইতে ‘ভুলের সমালোচনা হচ্ছে না’

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসায় মেতে থাকা সংস্কৃতিকর্মীরা সরকারের নানা ভুল, অসঙ্গতিতে সঠিক প্রতিবাদ করতে পারছেন না বলে আত্ম সমালোচনা করেছেন একদল সংস্কৃতিকর্মী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2020, 02:44 AM

Updated : 10 Oct 2022, 07:27 PM

বুধবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির মূল প্রবেশদ্বারের সামনে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচি ও আলোর মিছিলে তারা দেশব্যাপী ধর্ষণকাণ্ডে সরকারের অবস্থান ও শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্যের নিন্দা জানান।

বাংলাদেশ পথনাটক পরিষদের ব্যানারে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি নাট্য নির্দেশক মান্নান হীরা।

তিনি বলেন, “আমরা নানা সময়ে সরকারের স্তব গাইতে গিয়ে এখন সরকারের সমালোচনা করছি না। আমরা ভাবছি, সরকার এতে বিব্রত হতে পারে। কিন্তু টানা এই স্তব কিন্তু রাজনীতি ও সমাজের এমনকি আমাদের সংস্কৃতি অঙ্গনের ক্ষতিও করতে পারে।

“আজকে সরকারকে, নেতৃত্বকে বাধ্য করতে হবে রাস্তায় নেমে সত্য উচ্চারণ করতে, তাদের চ্যালেঞ্জ জানাতে হবে। আমরা সংস্কৃতিকর্মীরাই পারি আধুনিক ও বিজ্ঞানসম্মত দাবি নিয়ে সরকারের কাছে যেতে।”

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নাট্য নির্দেশক মোহাম্মদ বারী বলেন, “আজকে রাজনীতির সংস্কৃতির পরিবর্তন দরকার। মানুষ জানুক, রাজনীতিতেও ভালো মানুষ আছে। সে পরিবর্তনের কথা আমাদের সংস্কৃতিকর্মীদেরই বলতে হবে। হয়ত আমরা সংখ্যায় অনেক কম। কিন্তু চেতনার শক্তিতে হাজার গুণে বেশি।”

ধর্ষণ ও নিপীড়নবিরোধী ‘আন্দোলনের ধারাবাহিকতা’ রাখতে সরকারের সমালোচনা বজায় রাখতে হবে বলে মন্তব্য করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সাংসদদের সমালোচনা করে তিনি বলেন, “আজকে সংরক্ষিত নারী আসনের সাংসদরা ধর্ষণের বিরুদ্ধে এক হয়ে একটা বিবৃতি দিতে পারেন না। আজকে ধর্ষকদের রাজনৈতিক পরিচয় আর সূত্রও খুঁজে পাওয়া যাচ্ছে।

“কিন্তু যারা আজকে আইনপ্রণেতা, যারা দায়িত্বে আছেন, তারা যদি দায় এড়িয়ে বসে থাকেন, যদি তারা নিশ্চুপ থেকে তাদের প্রশ্রয় দেন বা বাঁচাবার প্রচেষ্টা করেন তাহলে দেশকে তারা বিপদের মধ্যে ফেলে দেবেন।”

সমাবেশে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজীদ ও সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, অভিনেত্রী নূনা আফরোজ, পথনাটক পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীরও বক্তব্য রাখেন।

শাহবাগে ‘সরকার পতনের’ স্লোগানে শঙ্কা

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজে তুলে নিয়ে ধর্ষণসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যৌন নিপীড়নের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে গত মঙ্গলবার থেকেই শাহবাগে কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন।

ধর্ষণকাণ্ডে সরকারি দলীয় যুব ও ছাত্র সংগঠনের নাম আসায় বামপন্থি এসব সংগঠনের ব্যানারে সরকারকে দায়ী করে বক্তব্য দেওয়া হচ্ছে।

ধর্ষণকাণ্ডের বিচারের পাশাপাশি ভোটাধিকার প্রয়োগ ও নিরাপত্তা ইস্যুতে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে আন্দোলনের মাধ্যমে সরকারের পতনের হুঁশিয়ারি দিচ্ছেন তারা।

সেখানে নানা সংগঠনের ব্যানারে বিক্ষোভে ‘সরকার পতনের’ স্লোগান আসার কথা উল্লেখ করে তাতে শঙ্কা প্রকাশ করেছেন সংস্কৃতিকর্মীরা।

তাদের অভিযোগ, শাহবাগে বিভিন্ন সংগঠনের ব্যানারে ধর্ষণের প্রতিবাদ করতে এসে ‘অচেনা মুখ’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর ও তার সমর্থকরা প্রকারান্তরে ঘটনাকে ‘ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন’।

নাট্যনির্দেশক রতন সিদ্দিকী নূরুল হক নূরের সমালোচনা করে বলেন, “১৯৭৪ সালে বঙ্গবন্ধুর শাসনামলে বাসন্তীকে জাল পরিয়ে জাতিকে বিভ্রান্ত করা হয়েছিল। সে সময় জাতিকে বিভ্রান্ত করার দায়ে নূরা পাগলাকে গ্রেপ্তার করা হয়েছিল। এখন ২০২০ সালে আরেক নূরা পাগলা জনগণকে নানাভাবে বিভ্রান্ত করছেন। আমি প্রধানমন্ত্রীকে বলব, আপনি জনগণের চোখের কথা বোঝেন, মনের কথা বোঝেন। নূরা পাগলার পরিণতিও সেই ’৭৪ এর নূরা পাগলার মতো হওয়া উচিৎ।”

সমাবেশের সভাপতি মান্নান হীরাও শাহবাগে অবস্থানকারীদের ‘সরকার পতনের’ স্লোগানের সমালোচনা করেন।

পরে বাংলাদেশ পথনাটক পরিষদ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সামনে থেকে ‘আলোর মিছিল’ কর্মসূচি শুরু করে। মিছিলটি শিল্পকলা একাডেমির মূল প্রবেশদ্বার থেকে শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ও মৎস্য ভবন ঘুরে আবার প্রধান প্রবেশদ্বারে এসে শেষ হয়।