২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান সড়কমন্ত্রীর

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পণ্য পরিবহন মালিক-শ্রমিকদের ১২ অক্টোবর থেকে ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট থেকে সরে এসে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2020, 06:57 PM

Updated : 18 Aug 2022, 03:51 PM

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা এবং দপ্তর প্রধানের সঙ্গে উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।

সড়ক পরিবহন আইন সংশোধনসহ কয়েকটি দাবি জানিয়ে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ বলেছে, এসব দাবি মেনে না নেওয়া হলে আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশে ৪৮ ঘণ্টা পণ্য পরিবহন বন্ধ রাখা হবে।

শনিবার চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের বিভাগীয় সমন্বয় সভা থেকে এই হুমকি দেওয়া হয়।

ওবায়দুল কাদের বলেন, “সম্প্রতি পরিবহন মালিকদের একটি অংশ বিশেষ করে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি ২ দিনের ধর্মঘটের ডাক দিয়েছে বলে শুনেছি। মালিক সমিতির কোনো দাবি থাকলে তা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি।

“অতীতে অনেক বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। আমি ইতিমধ্যে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনিও বসতে রাজি। কোনো দাবি থাকলে আলোচনা হবে। করোনাকালে জনভোগান্তি ও দেশের পণ্য পরিবহনকে জিম্মি করা প্রত্যাশিত নয়।”

দেশ ও অর্থনীতির স্বার্থে পণ্য পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির উদ্দেশে তিনি বলেন, “আপনারা আলোচনায় বসুন, যৌক্তিক কিছু থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসে বিষয়টির সমাধানের পথ খুঁজে বের করুন।”

বিআরটি নির্মাণে বিশ্বব্যাংকের প্রস্তাব প্রত্যাখ্যান

বিমানবন্দর থেকে গাজীপুর রুটে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প সম্প্রসারিত করে সদরঘাট পর্যন্ত নিয়ে আসতে বিশ্বব্যাংকের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, “হযরত শাহজালাল বিমানবন্দর পর্যন্ত বিআরটিএ হচ্ছে। বিশ্বব্যাংকের প্রস্তাব আছে সেটাকে সদরঘাট পর্যন্ত নিয়ে আসার, আপাতত মহাখালী। কিন্তু আমি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি।

“একটি বিআরটির ধাক্কা আমরা সামলাতে পারছি না। আর শহরের কেন্দ্রস্থলে এই প্রকল্প আর করার দরকার নেই। আমাদের ছয়টি মেট্রোরেল হচ্ছে, ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে কাজেই এখানে আর নতুন করে কোন বিআরটি লাইন করে সমস্যা সৃষ্টি করার দরকার নেই।”

ঢাকার যানজট নিরসনে বিমানবন্দর থেকে গাজীপুর রুটে দেশের প্রথম বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) নির্মাণে চীনের একটি ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করছে।

৮৫৫ কোটি ৩৭ লাখ টাকায় ২০ দশমিক ৫০ কিলোমিটার দৈর্ঘ‌্যের এ প্রকল্পের জন‌্য ১৬ কিলোমিটার বিআরটি লেইন, ৩২ কিলোমিটার ফুটপাত ও ধীরগতির যানবাহন চলাচলের জন্য আলাদা লেইন নির্মাণ হচ্ছে।

প্রকল্পের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে কাজ শুরু হওয়া এ প্রকল্পের কাজ ২০২২ সালে শেষ হওয়ার কথা রয়েছে।

গাজীপুর থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট চালু হলে টঙ্গী ও উত্তরার সঙ্গে ঢাকা মহানগরীর যাতায়াত সহজতর হবে এবং এর মধ্য দিয়ে দ্রুত ও সাশ্রয়ীভাবে যাত্রী পারাপারের পাশাপাশি আরামদায়ক সেবা নিশ্চিত করা যাবে বলে প্রত্যাশা করছে সরকার।

পুরনো খবর:

১২-১৩ অক্টোবর পণ্য পরিবহনে ধর্মঘটের ডাক