২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২-১৩ অক্টোবর পণ্য পরিবহনে ধর্মঘটের ডাক

সড়ক পরিবহন আইন সংশোধনসহ কয়েকটি দাবি জানিয়ে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ বলেছে, এসব দাবি মেনে না নেওয়া হলে আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশে ৪৮ ঘণ্টা পণ্য পরিবহন বন্ধ রাখা হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2020, 09:33 PM

Updated : 08 Apr 2022, 01:25 AM

শনিবার চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের বিভাগীয় সমন্বয় সভা থেকে এই হুমকি দেওয়া হয়।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, “পরিবহন মালিক-শ্রমিকদের স্বার্থের কথা বিবেচনা না করে সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন করেছে। ফলে সারা দেশে পরিবহন সেক্টরে নৈরাজ্য চলছে।

“৩১ ডিসেম্বরের মধ্যে এ আইন সংশোধনসহ পরিবহনে নৈরাজ্য ঠেকাতে ৯ দফা দাবি দেওয়া হয়েছে। দাবি আদায়ের অংশ হিসেবে ১২ ও ১৩ অক্টোবর সারা দেশে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট পালন করা হবে।”

সমন্বয় পরিষদের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই কর্মসূচি আগেই ঢাকায় নির্ধারণ করা হয়েছিল। আজ সভায় কেন্দ্রীয় নেতারা যোগ দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।”

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসমান আলী বলেন, “দাবি আদায়ের জন্য ধাপে ধাপে ৯৬ ঘণ্টা এবং প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করা হবে। সড়ক পরিবহন আইন সকল পরিবহনের জন্য সমান।”

“শ্রমিকরা ট্রাক-কাভার্ডভ্যান, প্রাইমমুভার, মিনি ট্রাক ও লরি চলাচল বন্ধ থাকলে দেশের বিভিন্ন বন্দর ও স্থান দিয়ে আমদানি-রপ্তানি করা সব ধরনের তৈরি পোশাক, খাদ্য ও বিভিন্ন পণ্য পরিবহন বন্ধ হয়ে গেলে সরকার বেকায়দায় পড়বে। সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য সংগঠনের উদ্দেশ্য নয়। ন্যায্য দাবি আদায়ের জন্য এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।”

সব পরিবহন মালিক-শ্রমিক সংগঠনকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেন তিনি।

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সহসাধারণ সম্পাদক মো. আবদুর রহিম সঞ্চালনায় এই সভা হয়।

সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক রুস্তম আলী।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সদস্য সচিব মো. তাজুল ইসলাম, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল, বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের মহাসচিব নুরুল আবছার, বাংলাদেশ ট্রাক ড্রাইভার ইউনিয়নের সভাপতি মনির তালুকদার, নোয়াখালী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল বাহার, চট্টগ্রাম বিভাগীয় সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক গোলাম নবী প্রমুখ।