দেশব্যাপী ‘ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’ শুরু
দেশজুড়ে শুরু হয়েছে ‘জাতীয় ভিটামিন-এ প্লাস’ ক্যাম্পেইন, যার আওতায় সারাদেশের ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রোববার ঢাকার জাতীয় শিশু হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত এবারের কর্মসূচি চলবে।
এ কর্মসূচির মাধ্যমে ৬ মাস থেকে ১ বছরের কম বয়সী প্রায় ২৭ লাখ শিশুকে নীল রঙের একটি ভিটামিন-এ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী ১ কোটি ৯৩ লাখ শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সারাদেশের প্রায় ১ লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে ২ লাখ ২০ হাজার স্বাস্থ্যকর্মী এ কর্মসূচিতে নিয়োজিত থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, বাংলাদেশ করোনাভাইরাস ‘সফলভাবে’ মোকাবেলা করছে, যার স্বীকৃতি ‘বিশ্বস্বাস্থ্য সংস্থাও দিয়েছে’।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রোববার ঢাকা শিশু হাসপাতালে জাতীয় ভিটামিন-এ প্লাস’ ক্যাম্পেইন এর উদ্বোধন করেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রোববার ঢাকা শিশু হাসপাতালে জাতীয় ভিটামিন-এ প্লাস’ ক্যাম্পেইন এর উদ্বোধন করেন।
কোভিড-১৯ মহামারীর কারণে দেশে অন্যান্য স্বাস্থ্যসেবা ‘ব্যাহত হচ্ছে না’ বলেও দাবি করেন জাহিদ মালেক।
তিনি বলেন, “নন কোভিড রোগী যারা আছেন, তাদের স্বাস্থ্যসেবা আমরা পুরোদমে চালু রেখেছি। মায়েদের ডেলিভারি, অপারেশনসহ সব ধরনের স্বাস্থ্যসেবা, বিভিন্ন প্রশিক্ষণ, নিয়োগ, শিক্ষা কার্যক্রম এই অবস্থাতেও আমরা চালু রেখেছি। সবকিছুই হয়েছে স্বাস্থ্যবিধি মেনে।”
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, শিশু হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ শফি আহমেদসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
