২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যরাতে বসল হাই কোর্ট, দুই শিশু ফিরল বাড়ি

টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান দেখে মধ্যরাতে আদালত বসিয়ে আদেশ দিল হাই কোর্টের একটি বেঞ্চ; সেই আদেশের পর সাবেক অ্যাটর্নি জেনারেল কেএস নবীর দুই নাতিকে বাসায় দিয়ে এল পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2020, 11:51 AM

Updated : 08 Apr 2022, 01:26 AM

শনিবার রাতে একাত্তর টিভিতে শিশু অধিকার নিয়ে এক আলোচনায় উঠে আসে, কেএস নবীর দুই নাতিকে বাসায় ঢুকতে দিচ্ছেন না তাদের চাচা।

ওই আলোচনায় উপস্থিত আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একাত্তর জার্নালের একটা চ্যাপ্টার ছিল শিশু অধিকার নিয়ে। সেটাতে আমি যুক্ত ছিলাম। ওই টকশোতে আলোচনায় আসে যে সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কে এস নবীর দুই নাতিকে বাসায় ঢুকতে দিচ্ছেন না তাদের চাচা।

“তখন আমি বললাম- এটা তো মানবাধিকার লঙ্ঘন। উনি যেহেতু আইনজীবী, উনার তো এটা আরও ভালো করে জানার কথা। তাছাড়া পুলিশও তাদের দায়িত্বটা নাকি সঠিকভাবে পালন করেনি। থানায় গিয়ে ফেরত আসতে হয়েছে শিশু দুটির। থানা থেকে বলেছে কোর্টে যেতে।

“এ কথা শোনার পরই বোধ হয় টকশোর শেষ দিকে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের আদালত একটি স্বতঃপ্রণোদিত রুল ইস্যু করে ধানমণ্ডি থানাকে নির্দেশ দেয় যে, এখনি ওই বাসায় শিশু দুটির থাকার ব্যবস্থা করতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।”

পরে সুপ্রিম কোর্ট থেকে ধানমণ্ডি থানার ওসির সঙ্গে যেগাযোগ করা হলে পুলিশ শিশু দুটির থাকার ব্যবস্থা করে দেয় এবং নিরাপত্তা নিশ্চিত করে।

১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করা কেএস নবী ২০১৮ সালে মারা যান।

তার দুই ছেলের মধ্যে বড় ছেলে কাজী রেহান নবী সুপ্রিম কোর্টের আইনজীবী। ছোটো ছেলে সিরাতুন নবী গত ১০ আগস্ট মারা যান। তার দুই ছেলেকেই বাড়িতে ঢুকতে দিচ্ছিলেন না তাদের চাচা কাজী রেহান নবী।

এ বিষয়ে জানতে চাইলে ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা খুব সুন্দরভাবে দুই শিশুকে রাত দেড়টার দিকে তাদের বাসায় পৌঁছে দিয়ে এসেছি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজী রেহান নবী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সময়মত বিষয়টা ক্লারিফাই করব। আমার শরীরটা একটু খারাপ। পাঁচ দিন ধরে জ্বরে পড়ে আছি। আমি পুরো বিষয়টা নিয়ে রিজয়েন্ডার দেব। আপনি পরে যোগাযোগ করেন, আমি পুরো জিনিসটা ক্লারিফাই করব।”

তাহলে আসলে কী ঘটেছিল প্রশ্ন করলে এই আইনজীবী বলেন, “আপনি তো সবই ওয়ান সাইডেড শুনেছেন। একটা গল্পের বিপরীত বা অন্য একটা দিকও থাকে সবসময়। যেটা ওরা আমাকে বাধ্য করতেছে, যেটা আমি বলব এবং দরকার হলে প্রধানমন্ত্রীর কাছে যাব। আমার আব্বা উনার (প্রধানমন্ত্রীর) খুব ক্লোজ ছিলেন। আমাকে কয়েকটা দিন সময় দেন, তারপর অবশ্যই আমি বলব।”