২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তালাবদ্ধ ঘরে গলিত লাশ

ঢাকার বছিলা এলাকার একটি বাড়িতে তালাবদ্ধ ঘরে এক ব্যক্তির গলিত লাশ পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2020, 07:16 PM

Updated : 18 Aug 2022, 03:46 PM

মঙ্গলবার সকালে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ আসতে থাকায় স্থানীয়রা হাজারীবাগ থানায় খবর দেন। তখন পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বছিলার মধ্যপাড়ায় সুলতান উদ্দীনের তিনতলা বাড়ির নিচতলা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

মধ্যবয়সী ওই ব্যক্তির লাশ খাটের উপরে ছিল, মুখে ছিল গামছা বাঁধা, গলায় ছিল ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন।

পুলিশ কর্মকর্তা মাসুদুর বলেন, চলতি মাসের শুরুর দিকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দুজন এই বাসায় উঠেছিলেন। তবে তাদের নাম-ঠিকানা বাড়িওয়ালা রাখেনি। গত ১৩ সেপ্টেম্বর থেকে বাসার দরজায় তালা ছিল।

“ধারণা করা হচ্ছে, স্ত্রী পরিচয় দিয়ে যে মহিলাকে নিয়ে এই বাসা ভাড়া নেওয়া হয়েছিল, সেই হত্যার ঘটনা ঘটিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়।”

ওই নারী এবং নিহত ব্যক্তির পরিচয় বের করতে পুলিশ কাজ করছে জানিয়ে মাসুদুর বলেন, যে কোনো একজনের পরিচয় শনাক্ত করা গেলে হত্যার রহস্য বের করা সহজ হবে।