২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৪

নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে ঢাকায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2020, 05:58 PM

Updated : 18 Aug 2022, 03:45 PM

বুধবার রাতে মিরপুর ও দারুস সালাম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-২ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- অমিত হোসাইন ওরফে আবুল কালাম ওরফে সাগর ওরফে অ্যাকশন ওয়ার (৩৮), আল আমিন ওরফে তারিক (৩২), শিহাব উদ্দিন (২১) এবং মানিকুজ্জামান ওরফে মানিক ওরফে রতন ওরফে সাইকেল ম্যান (৩২)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর এক নম্বর সেকশনের দক্ষিণ বিশিল মিরপুর মেইন রোডস্থ আবাসিক হোটেল রয়ালের সামনে থেকে অমিত হোসাইনকে একটি মটর সাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

“পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হজরত শাহ আলী (রাঃ) জেনারেল হাসপাতাল গলির জিন্না মিয়ার চা দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয় বাকি তিনজনকে। তারা সাংগঠনিক তৎপরতা চালাতে সেখানে জড়ো হচ্ছিল।”

এই চারজনের মধ্যে দুজনের বাড়ি ঢাকায়; একজনের বাড়ি জামালপুরে, আরেকজনের বাড়ি গাজীপুরে।

তাদের কাছে বেশ কিছু উগ্রবাদী বই, প্রচারপত্র পাওয়া গেছে বলে র‌্যাব জানিয়েছে।