ধামরাইয়ে গ্রেপ্তার ৫ ‘জঙ্গি’ রিমান্ডে
ঢাকার ধামরাই থেকে গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
ধামরাই থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মঙ্গলবার পাঁচজনকে ঢাকার আদালতে নিয়ে প্রত্যেককে সাত দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকার বিচারিক হাকিম আশরাফুজ্জামান তিন দিন রিমান্ডের আদেশ দেন।
আসামিদের পক্ষ নিয়ে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ আদালতের অন্যতম বেঞ্চ সহকারী আবদুল্লাহ আল মামুন।
আসামিরা হলেন- মিজানুর রহমান পলাশ (৩৫), দুরুল হুদা (৪৪), আব্দুর রশিদ (২১), মো. রাসেল (৩৭) এবং আব্দুল হাই (৪০)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
র্যাব-৪ এর একটি দল রোববার রাতে অভিযান চালিয়ে ধামরাইর ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। সোমবার রাতে র্যাব-৪ এর এসআই মাসুদ বাদী হয়ে ওই পাঁচজনকে আসামি করে ধামরাই থানায় মামলা করেন।
