২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ ফ্লাইটে এথেন্সে গেলেন ৭১ বাংলাদেশি

কোভিড-১৯ সঙ্কটের মধ্যে বিশেষ ফ্লাইটে গ্রিসের এথেন্সে গেলেন ৭১ জন বাংলাদেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2020, 03:02 PM

Updated : 18 Aug 2022, 03:32 PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সোমবার সকাল সাড়ে ৭টায় তারা ঢাকা থেকে রওনা হন বলে বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান।

এর আগে বিমানের আরেকটি বিশেষ ফ্লাইটে সৌদি আরবের রিয়াদ থেকে ৪১৭ জন বাংলাদেশি রোববার রাতে দেশে পৌঁছান বলে জানান তিনি।

করোনা ভাইরাস মহামারীর কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে ভিন্ন দেশে আটকা পড়েন।

বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন, দুবাই, আবুধাবি ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে। আর ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। এ অবস্থায় বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে।

গত চার মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত, কাতার, ভারত, মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

আর যারা এখন দেশের বাইরে যাচ্ছেন, তাদের বাধ্যতামূলকভাবে কোভিড-১৯ পরীক্ষার সনদ সঙ্গে নিতে হচ্ছে।