যেভাবে বিচার চলছে ভার্চুয়াল আপিল বেঞ্চে
করোনাভাইরাসের মহামারীতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে দুই সপ্তাহ ধরে বিচার কাজ চলছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।
সর্বোচ্চ আদালতে এভাবে ভার্চুয়াল বিচার কাজ পরিচালনাকে ‘ঐতিহাসিক’ ও ‘যুগান্তকারী’ বলছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সংশ্লিষ্টরা।
গত ১৩ জুলাই থেকে প্রথমে সোম ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত ভার্চুয়াল আপিল বেঞ্চে শুনানি চলে। পরের সপ্তাহ থেকে সপ্তাহে পাঁচ দিনই ভার্চুয়াল আদালত চলছে।
প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয় বিচারপতির এই ভার্চুয়াল বেঞ্চে শুধু জমে থাকা মামলাগুলোরই শুনানি চলছে, নতুন কোনো মামলা শুনানিতে আসছে না।
প্রথম দিন ‘মাইক্রোসফট টিমস’ প্ল্যাটফর্ম ব্যবহার করে শুনানি হলেও সীমাবদ্ধতার কারণে পরদিন থেকে অনলাইন ভিডিও কনফারেন্স প্লাটফর্ম ‘জুম’ ব্যবহার করে ভার্চুয়াল বেঞ্চের কাজ চলছে।
সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, জুমে ভিডিও কনফারেন্সে একটি স্ক্রিনে সবাইকে দেখা যায় বলে সেটা বেছে নেওয়া হয়েছে।
শুনানি হচ্ছে যেভাবে
আপিলের প্রযুক্তি বিভাগে আইনজীবীদের একটি ডেটাবেইজ আছে। কার্যতালিকা চূড়ান্ত হওয়ার পর সংশ্লিষ্ট আইনজীবীদের মোবাইল বার্তায়, ইমেইলে বা হোয়াটস অ্যাপে ‘জুম’ প্লাটফর্মের লিংক ও আইডি পাঠিয়ে দেওয়া হয়। সেই লিংক ধরে আইনজীবীরা সরাসরি ভার্চুয়াল আপিল আদালতের ভিডিও কনফারেন্সে যুক্ত হন।
সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপিল বিভাগে নতুন কোনো মামলা ফাইল হয়নি। বিচারাধীন যে মামলাগুলো আছে, সেগুলো থেকে প্রধান বিচারপতির নির্দেশে ভার্চুয়াল আপিল বেঞ্চের কার্যতালিকা তৈরি করা হয়।”
শুনানি চলাকালে বিচারকদের নিজেদের মধ্যে আলোচনা করার প্রয়োজন পড়লে জুমের ‘ব্রেকআউট রুম’ ব্যবহার করা হয়। নিজেদের আলোচনা শেষে তারা আবার শুনানিতে ফেরেন।
সর্বোচ্চ আদালতের মুখপাত্র বলেন, “ভার্চুয়ালি আপিল বিভাগ খুব ভালোভাবে রান করছে। আপিল বিভাগের আইনজীবীদের জন্য বিষয়টি সুবিধা হয়েছে। কোনো ধরনের সমস্যা হয়নি।
“এই মহামারীতে আইনজীবীরা চেম্বার বা বাসায় বসে নিরাপদে মামলার শুনানি করতে পারছেন। ফলে বিচারপতি-আইনজীবীদের সুরক্ষাও নিশ্চিত হচ্ছে।”
সুপ্রিম কোর্টের এই কর্মকর্তা জানান, আপিল ও হাই কোর্ট বিভাগের পুরো তথ্য-প্রযুক্তি শাখা ভার্চুয়াল কোর্ট পরিচালনায় নিয়োজিত রয়েছে।
আপিল বিভাগের কোর্ট অ্যাসোসিয়েট টিম এবং ‘রেফারেন্স’ সহযোগিতার জন্য একজন লাইব্রেরিয়ান ভার্চুয়াল শুনানির সময় উপস্থিত থাকেন।
ভার্চুয়াল আপিল বেঞ্চে শুনানির প্রথম দিন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, “বাংলাদেশের জুডিশিয়ারির জন্য আজ ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আইন (আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন) হয়েছে, সে জন্য তার প্রতি কৃতজ্ঞতা। রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন, সে জন্য কৃতজ্ঞতা। এ বিষয়ে সচেষ্ট ভূমিকার জন্য আইনমন্ত্রীকে ধন্যবাদ।
“এ আইনের মাধ্যমে ডিজিটালি বিচার বিভাগ আরও এক ধাপ এগিয়ে গেল। ভার্চুয়াল কোর্ট স্বাভাবিক কোর্টের বিকল্প নয়। পরিস্থিতির উন্নয়ন হলে স্বাভাবিক কোর্টের কার্যক্রমে ফিরে যাওয়া হবে।”
‘আরও আগে উদ্যোগ নিলে ভাল হত’
দেশের সর্বোচ্চ আদালতে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারকাজ চালুর উদ্যোগকে একটি ‘ঐতিহাসিক’ ঘটনা হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি তো মনে করি যে, ভেরি টাইমলি স্টেপ। বোধয় এই উদ্যোগটা আরো আগে নিলে আরো ভাল হত।”
আদালতে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে আইন কমিশন ‘ডিজিটাল এভিডেন্স অ্যাক্ট’ এর খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয়ে জমা দিয়েছে বলে জানান বিচারপতি খায়রুল হক।
তিনি বলেন, “সেটা যদি সরকার পাস করে, আইন করে ফেলে, তাহলে সেটা আরও ডায়নামিক হবে, আরও ভাল হবে। যা আছে তাতেও কাজ চলছে। আমরা যেটা করে দিয়েছি সেটা হলে আরও ভাল হবে।”
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভার্চুয়াল কোর্ট চালুর মধ্য দিয়ে আদালতের ভিড় অন্তত এড়ানো গেছে।
“মহামারীর এই সময়ে সুরক্ষার জন্য এটি খুবই দরকার ছিল। অন্ততপক্ষে সুপ্রিম কোর্টে করোনাভাইরাসকে আমরা জয় করেছি।”
সর্বোচ্চ আদালতে ভার্চুয়াল শুনানি শুরুর বিষয়টিকে ‘বিচার বিভাগে নতুর দিগন্তের সূচনা’ হিসেবে বর্ণনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এর মধ্য দিয়ে যে কোনো পরিস্থিতিতে বিচার বিভাগকে সচল রাখার একটা অভিজ্ঞতা আমরা অর্জন করলাম। যে কোনো পরিস্থিতিতে এখন বিচার বিভাগকে সচল রাখা যাবে, বিচার বিভাগ কাজ করতে পারবে।
ভার্চুয়াল আপিল বেঞ্চে সাত কার্যদিবসে ১০টি পূর্ণ আপিল, ১৬৮টি লিভ টু আপিলের নিষ্পত্তি হয়েছে; ২২টি মামলার আংশিক শুনানি হয়েছে।
প্রতিদিন ৫০ জনের বেশি আইনজীবী ভার্চুয়াল শুনানিতে অংশ নিচ্ছেন বলে জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র।
তার দেওয়া তথ্য অনুযায়ী, ১১ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ৪৫ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১ লাখ ২০ হাজার ৯০৪টি জামিন আবেদনের নিষ্পত্তি এবং ৬০ হাজার ৪০৭ (শিশুসহ) জন অভিযুক্ত ব্যক্তির জামিন হয়েছে।
নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার গত ২৬ মার্চ থেকে সারা দেশে ছুটি ঘোষণার পর দেশের সব আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করে সুপ্রিম কোর্ট।
ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরুর জন্য ৯ মে সরকার ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার’ অধ্যাদেশ জারি করে।
পরদিন সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে অধস্তন আদালতে ভার্চুয়াল জামিন শুনানির নির্দেশ আসে। পাশাপাশি আদালত কীভাবে পরিচালিত হবে সে নির্দেশনাও দেওয়া হয়।
প্রধান বিচারপতি হাই কোর্টে কয়েকটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করে দেন। আর চেম্বার আদালত ভার্চুয়ালি পরিচালনার জন্য মনোনয়ন দেন আপিল বিভাগের বিচারপতি নুরুজ্জামানকে।
১১ মে থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের অধস্তন ও ১২ মে থেকে উচ্চ আদালতে বিচারকাজ শুরু হয়।
এরপর গত ১৩ জুলাই থেকে আপিল বেঞ্চে ভার্চুয়াল শুনানি শুরু হয়। প্রথম সপ্তাহে সোম ও বৃহস্পতিবার শুনানি হয়। পরের সপ্তাহ থেকে তা সপ্তাহের পাঁচ দিনই চলছে।
ভার্চুয়াল শুনানি শুরুর আগে ৬৩ কার্যদিবস আপিল বিভাগে বিচারকাজ বন্ধ ছিল।
