২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেওয়ানির জরুরি দরখাস্ত, সাকসেশন শুনানি করা যাবে আদালতে

স্বাস্থ্যবিধি নিশ্চিত করে অধস্তন আদালতে দেওয়ানি মামলার জরুরি দরখাস্ত এবং সাকসেশন (উত্তরাধিকার সংক্রান্ত) মামলার শুনানি ও নিষ্পত্তি করা যাবে বলে সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2020, 08:13 PM

Updated : 08 Apr 2022, 01:05 AM

শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রর জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত দিয়েছেন।

“বিচারক এজলাস কক্ষে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদ্ধতি নির্ধারণ করবেন এবং শুনানি সংক্রান্ত পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পন্ন করবেন,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিচারকরা সাকশেসন মামলার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় সাক্ষ্যগ্রহণসহ চূড়ান্তভাবে নিষ্পত্তি করবেন।

আর সাকশেসন মামলার শুনানির জন্য সংশ্লিষ্ট আদালত প্রতিদিন একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে শুনানি করবে।

দেওয়ানি মামলায় জরুরি দরখাস্ত এবং সাকসেশন মামলার শুনানি-নিষ্পত্তির পদ্ধতি ও সময়সূচি এমনভাবে নির্ধারণ, সমন্বয় করবেন, যাতে আদালত প্রাঙ্গণে ও ভবনে ঝুঁকিপূর্ণ জনসমাগম না ঘটে।

আদালত প্রাঙ্গণ ও এজলাস কক্ষে প্রত্যেককে একে অপরের থেকে কমপক্ষে ছয় ফুট শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে এবং সব ধরনের জনসমাগম পরিহার করতে হবে।

এজলাস কক্ষে একসঙ্গে ছয়জনের বেশি লোকসমাগম করা যাবে না।

শুনানিতে মামলার পক্ষদের উপস্থিতির আইনগত আবশ্যকতা না থাকলে এজলাস কক্ষে শুধু উভয়পক্ষে নিযু্ক্ত আইনজীবী উপস্থিত থাকবেন।

এজলাস কক্ষে প্রত্যেককে আবশ্যেই ফেস মাস্ক পরে থাকতে হবে। আদালতে প্রবেশের সময় প্রত্যেকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করার ব্যবস্থা করতে হবে।

এজলাস কক্ষে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ শারীরিক দূরত্ব কঠোরভাবে বজায় রাখতে তাৎক্ষণিক উদ্ভূত যেকোনো পরিস্থিতি বিবেচনায় বিচারক শুনানি করা থেকে বিরত থাকাসহ অন্য আনুষাঙ্গিক ব্যবস্থা নিতে পারবেন।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।