২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপপুর দুর্নীতি মামলায় ঠিকাদার আসিফের জামিন স্থগিত

রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের একটি ভবনের আসবাব ও বিভিন্ন সামগ্রী কেনায় দুর্নীতির মামলায় ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2020, 04:53 PM

Updated : 18 Aug 2022, 03:21 PM

দুর্নীতি দমন কমিশনের আবেদনে বুধবার বিচারপতি মো. নূরুজ্জামান ১৬ সপ্তাহের জন্য তার জামিন স্থগিত করেছেন।

ভার্চুয়াল চেম্বার আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

খুরশীদ আলম পরে সাংবাদিকদের বলেন, “আপিল বিভাগের ভার্চুয়াল চেম্বার আদালত আসামি আসিফ হোসেনের জামিন ১৬ সপ্তাহের জন্য স্থগিত করেছেন।”

বিদেশ না যাওয়া, পাসপোর্ট জমা রাখা ও তদন্তে ব্যাঘাত না ঘটানোর শর্তে গত ২৯ জুন হাই কোর্ট থেকে জামিন পেয়েছিলেন ঠিকাদারী প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেন।

দুটি মামলায় হাই কোর্টে জামিন আবেদন করেছিলেন আসিফ হোসেন। এর মধ্যে আসবাব ও অন্য সামগ্রী কেনা সংক্রান্ত দুর্নীতির মামলায় শর্তসাপেক্ষে নিয়মিত কোর্ট খোলার এক সপ্তাহ পর পর্যন্ত তাকে জামিন দেয় ভার্চুয়াল হাই কোর্ট।

আরেকটি আবেদনের শুনানি আগামী রোববার রাখা হয়েছে।

বালিশকাণ্ড নামে পরিচিতি পাওয়া এ ঘটনায় গত বছর ১২ ডিসেম্বর পাবনায় দুদক দুটি মামলায় আসিফ হোসেনকে আসামি করে। এরপর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আসিফ হোসেন।

দুটি মামলায় তার বিরুদ্ধে ৭ কোটি ৪৯ লাখ ৪২ হাজার ও ৭ কোটি ৪৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।