অসহায় মানুষের জন্য আবীর আবদুল্লাহর ‘গিভিং সিজন’
করোনাভাইরাস সঙ্কটে কর্মহীন আর ঘূর্ণিঝড় আম্পানে সহায় সম্বল হারা মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন আলোকচিত্রী আবীর আব্দুল্লাহ।
আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া এই বাংলাদেশি আলোকচিত্রী তার বেশ কিছু আলোকচিত্র বিক্রি করে সেই অর্থ মানুষের সাহায্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ কর্মসূচির নাম তিনি দিয়েছেন ‘গিভিং সিজন’।
করোনাভাইরাসের মহামারীর মধ্যে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের অনেক মানুষ। মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’। এ ঝড়ের তাণ্ডবে গৃহহীন হয়েছে উপকূলের শত শত পরিবার।
ছবি: আবীর আব্দুল্লাহ
‘গিভিং সিজন’ নামে এই অনলাইন কর্মসূচির মাধ্যমে তিনি তার খ্যাতি পাওয়া আলোকচিত্রগুলো কেনার আহ্বান জানিয়েছেন। ছবি বিক্রির পুরো টাকা তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ব্যয় করবেন বলে জানিয়েছেন।
আবীর জানান, আগ্রহী ক্রেতারা তার ওয়েবসাইটে (https://www.abirabdullah.com/portfolio/G0000rTQG.bx4JkY) গিয়ে প্রিন্টের আকার ভেদে প্রতিটি পছন্দের আলোকচিত্র কিনতে পারবেন ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায়। আগামী ২৫ জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি, তবে প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে।
