ডেসটিনির পরিচালক দিদারুলকে জামিন দেয়নি ভার্চুয়াল কোর্ট
অর্থ পাচারের মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাননি ডেসটিনি গ্রুপের পরিচালক দিদারুল আলম।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চে সোমবার তার জামিন আবেদনের উপর শুনানি হয়।
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মইনুল হোসেন ও এ এম আমিন উদ্দিন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী শামসুন নাহার কনা।
দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ও এম এ আজিজ খান।
পরে আমিন উদ্দিন মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়মিত আদালত চালু হওয়ার এক সপ্তাহ পর অথবা নিয়মিত আদালত না খুললে ৩০ দিন পর, যেটি আগে আসবে সেমত জামিন আবেদনটির আবার শুনানি হবে।”
মামলায় ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে ও ডেসটিনি ট্রি প্ল্যানটেশনের নামে ২০০৯-১০ অর্থ বছর থেকে ২০১৩ সালের ৩১ মার্চ পর্যন্ত ১১৭৮ কোটি ৬১ লাখ টাকা স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ তোলে দুদক।
২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, তৎকালীন প্রেসিডেন্ট এম হারুন অর রশিদ ও পরিচালক দিদারুল আলমসহ ২২ জনের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলাটি করে দুদক।
তদন্ত শেষে ২০১৪ সালের ৪ মে এ মামলায় অভিযোগপত্র দাখিল করে তদন্ত কর্মকর্তা
মামলাটি ঢাকার বিশেষ আদালত ৪-এ বিচারাধীন।
