২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়তি বাসভাড়া চ্যালেঞ্জের রিট হাই কোর্টের কার্যতালিকা থেকে বাদ

করোনাভাইরাস মহামারীর মধ্যে বাস-মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে উচ্চ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2020, 04:57 PM

Updated : 18 Aug 2022, 03:07 PM

এর ফলে গত সোমবার থেকে কার্যকর হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী ৬০ শতাংশ বাড়তি ভাড়াই গুণতে হচ্ছে যাত্রীদেরকে।

উভয় পক্ষের শুনানির পর বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

আইনজীবী হুমায়ন কবির পল্লব পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিট আবেদনটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মাননীয় অ্যাটর্নি জেনারেল বলেছেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিকভাবেই ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।

“আর আবেদনের পক্ষে আমি বলেছি, করোনাভাইরাসে বিপর্যস্ত পরিস্থিতে মানুষের জীবন-জীবিকাও বিপর্যস্ত । সেখানে পরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। এটা মরার ওপর খাঁড়ার ঘা’য়ের মত অবস্থা হয়েছে। এটি সম্পূর্ণ অযৌক্তিক সিদ্ধান্ত। কিন্তু আদালত আবেদনটি আউট অব লিস্ট করেছেন।”

দুই মাসের বেশি সময় ধরে চলা সাধারণ ছুটির পর অর্ধেক যাত্রী তোলাসহ স্বাস্থ্যবিধি মানার শর্তে গণপরিবহন চালানোর অনুমতি দেয় সরকার।

অর্ধেক যাত্রী পরিবহনের কারণে মালিকদের ক্ষতি পোষাতে আন্তঃজেলা ও দূরপাল্লা এবং নগর পরিবহনের বাস ও মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে গত রোববার প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

পরদিন প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে হাই কোর্টে জনস্বার্থে রিট আবেদন করেন আইনজীবী হুমায়ন কবির পল্লব।