২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ মাসের বেতন-ভাতা পেলেন নতুন এমপিও শিক্ষক-কর্মচারীরা

নতুন করে এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ১০ মাসের বেতন, দুটি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতার অর্থ ব্যাংকে পাঠিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2020, 11:06 PM

Updated : 18 Aug 2022, 03:02 PM

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বুধবার ২৪টি চেকের মাধ্যমে এসব বেতন-ভাতার অর্থ অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করেছে।

আগামী ৩১ মে পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা তুলতে পারবেন।

নতুন এমপিও পাওয়া ২৫৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সরকারি বেতন দিতে গত ২৯ ও ৩০ এপ্রিল দুটি আদেশে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) কোড দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এরপর শিক্ষকরা সরকারি বেতন-ভাতা পেতে প্রয়োজনীয় কাগজপত্রসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আবেদন করেন।

নতুন এমপিও পাওয়া শিক্ষক-কর্মচারীদের গত বছরের ১ জুলাই থেকে বেতনের সরকারি অংশ দেওয়া হবে।

গত বছরের ১ জুলাই থেকে গত মার্চ মাস পর্যন্ত বকেয়া নয় মাসের বেতন, গত এপ্রিল মাসের বেতন, গত কোরবানির ঈদের উৎসব ভাতার সঙ্গে রোজার ঈদের উৎসব ভাতা একসঙ্গে ছাড় করেছে সরকার।

২০১৯ সালের ২৩ অক্টোবর ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করে সরকার। ওই সব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সরকারি বেতনের অংশ দিতে এমপিও কোড দেওয়া হয়। এর আগে সবশেষ ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল।

এমপিও বা মান্থলি পেমেন্ট অর্ডারের তালিকাভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা তাদের বেতনের একটি অংশ সরকার থেকে পান।

পুরনো খবর:

নতুন এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের পথ খুলল
এমপিও কোড পেল আরও ৯৩৭ শিক্ষাপ্রতিষ্ঠান