ঋণ চান অনার্স-মাস্টার্স কোর্সের ‘নন-এমপিও’ শিক্ষকরা
কোভিড-১৯ মহামারীর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজগুলোর অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকদের মধ্যে যারা সরকারি বেতনের অংশ পান না (এমপিওভুক্ত নন), তারা ‘বিশেষ প্রণোদনা’ হিসেবে সহজ শর্তে ঋণ চেয়েছেন।
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক স্মারকলিপিতে নিজেদের দুর্দশার কথা তুলে ধরে শিক্ষকরা সরকার ঘোষিত ‘কোনো প্রণোদনা প্যাকেজ’ থেকে তাদের এই ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, “আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজে অনার্স, মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত নন-এমপিও শিক্ষক। দীর্ঘদিন ধরে আমাদেরকে জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় অন্তর্ভুক্ত না করায় এমপিওভুক্ত হতে পারছি না।
“সংশ্লিষ্ট কলেজ থেকে আমাদের সামান্য মাসিক বেতন দেওয়া হলেও তা নিয়মিত পাই না। সরকারি নির্দেশনা মোতাবেক প্রাইভেট টিউশনিও বন্ধ করে দিয়েছি।”
মহামারীর এই সময়ে বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সের প্রায় সাড়ে পাঁচ হাজার ‘নন-এমপিও’ শিক্ষক-কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন বলে স্মারকলিপিতে দাবি করা হয়।
“এ অবস্থায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনামূলক ঋণ প্যাকেজ হতে বেসরকারি কলেজের অনার্স, মাস্টার্স কোর্সে পাঠদানকারী নন-এমপিও শিক্ষকদেরকে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য অনুরোধ করছি।”
নেকবর হোসাইন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারাদেশে ৩৫০টি এমপিওভুক্ত ডিগ্রি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্সে ‘নন-এমপিও’ পাঁচ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় দীর্ঘ ২৮ বছরেও জনবল কাঠামো তৈরি না করায় তারা এমপিও সুবিধা পাচ্ছেন না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী এসব শিক্ষক-কর্মচারীদের নিয়োগ দেওয়া হলেও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বেতন-ভাতার দায়িত্ব নেয় না বলে জানান তিনি।
নেকবর বলেন, “বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেশিরভাগ শিক্ষক-কর্মচারী বেতন না পওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে আমাদের আর্থিক সহায়তা দিতে সংগঠনের পক্ষ থেকে উপাচার্যকে বার বার অনুরোধ করা হলেও তিনি তাতে রাজি হননি।”
পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো স্মারক নম্বর ও স্বাক্ষরবিহীন একটি নির্দেশনা জারি করে বলা হয়, “করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতির মধ্যে কোনো কোনো কলেজ শিক্ষকদের বেতন পরিশোধ করছেন না বলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবহিত হয়েছে। বিষয়টি অমানবিক ও দুঃখজনক। এমতাবস্থায় স্ব স্ব কলেজকে তাদের শিক্ষকদের বেতন পরিশোধ করার জন্য বলা হল। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য হবে।”
নেকবর বলেন, “ওই নোটিস আইওয়াশ। স্বাক্ষরবিহীন ওই নোটিস কোনো কাজেই আসেনি। বেশিরভাগ শিক্ষক-কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো বেতন পাচ্ছেন না। এজন্য আমরা প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি।”
