২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা

খাদ্যপণ্যের বাজারমূল্য হিসাব করে গতবারের মতো এবারও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৭০ টাকা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 12:55 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

সোমবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান সভার পর ফিতরার হার ঘোষণা করেন।

তিনি বলেন, এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

গতবছর সর্বনিম্ন ফিতরা ৭০ টাকাই ছিল। তবে সর্বোচ্চ ফিতরা ছিল ১ হাজার ৯৮০ টাকা ছিল।

ইসলামী নিয়ম অনুযায়ী, এক কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেজুর, কিসমিস, পনির বা যবের মধ্যে সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে রোজার সময় গরিবদের মধ্যে বিতরণ করতে হয় মুসলমানদের।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এ বছর ফিতরার জন্য নির্ধারিত ওজনের আটা বা গমের দাম ৭০ টাকা, যবের দাম ২৭০ টাকা, কিসমিস ১৫০০ টাকা, খেজুর ১৬৫০ টাকা এবং পনিরের ২২০০ টাকা ধরে এই ফিতরা হিসাব করা হয়েছে।

দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ফাউন্ডেশন।

অন্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান,  কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের প্রধান ইমাম মাওলানা ফরীদ উদ্দিন মাসউদ, জাতীয় মুফতি বোর্ডের সদস্য সচিব মো. নূরুল আমীন, লালবাগ মাদ্রাসার প্রধান মুফতি মো. ইয়াহিয়াসহ কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।