করোনাভাইরাস: বৈরী সময় বাস্তবতা নিয়ে কামাল চৌধুরীর কবিতা
করোনাভাইরাসের আঘাতে বিপর্যস্ত পৃথিবীর বৈরী সময় বাস্তবতা নিয়ে কবিতা লিখেছেন কবি কামাল চৌধুরী।
এক অদৃশ্য শত্রুর মোকাবেলা করতে গিয়ে যখন এই পৃথিবী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে সংকটময় সময় পার করছে, সেই সময়ে দাঁড়িয়ে সত্তরের দশকের এই কবি লিখেছেন ‘তোমার পৃথিবী চিনতে পারো না’ শিরোনামের কবিতাটি।
চিকিৎসা বিজ্ঞানে অচেনা নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মানুষের মৃত্যুর যে মিছিল, তা চিরচেনা পৃথিবীর চিত্র নয়- এই সত্যকেই প্রকাশ করেছেন কবি।
তিনি লিখেছেন: “মানুষ নিজেকে মানুষ ভাবোনি
বোঝোনি বাঁচার মর্ম
নিজের অস্ত্রে শান দিয়ে তুমি
হারিয়ে ফেলেছ বর্ম!”
কবিতাটি নিয়ে কবি কামাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নভেল করোনাভাইরাসের প্রভাবে এখন আমরা সবাই গৃহবন্দি। বিপর্যস্ত আমাদের জনজীবন। আমাদের বিশ্ব রাজনীতি নানা মেরুতে বিভক্ত, চারদিকে ক্ষমতার কত দম্ভ! কিন্তু আজ সেসব দম্ভের কিছুই কাজ করছে না।
“এ সময়ে এসে পৃথিবীকে কেমন যেন অচেনা লাগছে। মানবসভ্যতার ইতিহাসে তো কত প্রতিকূল সময় এসেছে। কিন্তু আমাদের জীবদ্দশায় এ মহামারী দেখব, এমন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের যেতে হবে কে জানত! সে দিক থেকেই আমার এ কবিতাটি।”
কামাল চৌধুরী জানান, কবিতায় পৃথিবীর অসহায়ত্ব তুলে ধরতে পৃথিবীকে ‘তুলনা করেছেন’ মায়ের মুখের সঙ্গে। পৃথিবীকে বাঁচাতে সম্মেলক প্রচেষ্টার আহ্বান ধ্বনিত হয়েছে কবিতার চরণে।
তিনি লিখেছেন: “মায়ের মুখের মতোই পৃথিবী
বেঁচে থাক অনিঃশেষ।
প্রার্থনা করো, মিলিত স্বপ্নে
দুঃসময় দূরে যাক
নিঃস্ব মানুষ জাগুক আবার
ভালোবাসা বেঁচে থাক।”
কামাল চৌধুরী বলেন, “আমি সহজ ভাষায় কবিতাটি উপস্থাপন করতে চেয়েছি যেন সবাই সহজে বুঝতে পারে। লকডাউনের এই দিনগুলো পেরিয়ে মুক্ত হবে পৃথিবী, এমন আশাবাদের কথাও বলেছি এখানে।”
কবিতার শেষাংশে ধ্বনিত হয়েছে মানুষের জয়গান: “হারবে না তুমি, বিজয়ী মানুষ
দেখবে সুদিন আসবে
বাইরে আবার সবুজ পাতাটি
ঝলমলে দিনে হাসবে।”
‘তোমার পৃথিবী চিনতে পারো না’ কবিতাটিতে কণ্ঠ দিয়েছেন আসাদুজ্জামান নূর। সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই আবৃত্তির একটি ভিডিওচিত্র।
কেবল আবৃত্তি নয়, ধ্বনিচিত্রের এ ভিডিওর শেষে কবিতার কয়েকটি চরণ গেয়েছেন শিল্পী নকীব খান। সে অংশটুকুর সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। আর সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।
সংকটকালের চিত্রায়ন এবং তা থেকে উত্তরণের আশাবাদ শোনানো কামাল চৌধুরীর এই কবিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
পুরো কবিতাটি নিচে তুলে ধরা হল:
তোমার পৃথিবী চিনতে পারো না
কামাল চৌধুরী
দেখো দেখো, তুমি বাইরে তাকাও
কী হাল তোমার বিশ্ব
এত মেরু, এত ক্ষমতা, দম্ভ
এক ভাইরাসে নিঃস্ব!
মানুষ নিজেকে মানুষ ভাবোনি
বোঝোনি বাঁচার মর্ম
নিজের অস্ত্রে শান দিয়ে তুমি
হারিয়ে ফেলেছ বর্ম!
তোমার পৃথিবী চিনতে পারো না
মৃতের মিছিল বাড়ছে
ধনীও জানে না, গরীবও জানে না
কার শত্রুরা আসছে!
বাতাসের সাথে যুদ্ধ চলে না
পৃথিবীটা যে কুরুক্ষেত্র
আকাশ সীমিত; অবারিত নয়
তোমারও বর্গক্ষেত্র!
বাইরে দূষণ, বাইরে যেওনা
ঘরে থাকো কিছুদিন
প্রকৃতি বিরূপ করোনাসময়
শোধ দিতে হবে ঋণ।
নিরাপদে থাকো, থাকো গৃহকোণে
নিরাপদে রাখো দেশ
মায়ের মুখের মতোই পৃথিবী
বেঁচে থাক অনিঃশেষ।
প্রার্থনা করো, মিলিত স্বপ্নে
দুঃসময় দূরে যাক
নিঃস্ব মানুষ জাগুক আবার
ভালোবাসা বেঁচে থাক।
হারবে না তুমি, বিজয়ী মানুষ
দেখবে সুদিন আসবে
বাইরে আবার সবুজ পাতাটি
ঝলমলে দিনে হাসবে।
৩০/৩/২০২০
অপরাজিতা
