কবি, ফোকলোর গবেষক আশরাফ সিদ্দিকী আর নেই
কবি, ফোকলোর গবেষক, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক আশরাফ সিদ্দিকী আর নেই।
বৃহস্পতিবার ভোরাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী।
আশরাফ সিদ্দিকী শ্বাসনালীর সংক্রমণে ভুগছিলেন বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন বাংলা একাডেমির একজন কর্মকর্তা।
বৃহস্পতিবার দুপুরে আশরাফ সিদ্দিকীর কফিনে বাংলা একাডেমির পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক মোবারক হোসেন, কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক ও পিয়াস মজিদ।
ধানমণ্ডির শাহী মসজিদে বাদ জোহর জানাজার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
আশরাফ সিদ্দিকীর মৃত্যুতে শোক জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
১৯২৭ সালের ১ মার্চ জন্ম আশরাফ সিদ্দিকীর।
হাবিবুল্লাহ সিরাজী বলেন, “তার কবিতায় বাংলার মাটি ও মানুষের সুর বেজে উঠেছে শিল্পিত ব্যঞ্জনায়। ‘তালেব মাস্টার’ কবিতা রচনা করে তিনি কবি হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন। দেশবিভাগোত্তর ঢাকাকেন্দ্রিক কবিতাচর্চায় তার সম্পাদনায় প্রকাশিত নতুন কবিতা সংকলনটির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
আশরাফ সিদ্দিকী ছোটগল্পেও নিজস্বতার স্বাক্ষর রেখেছেন। তার ‘গলির ধারের ছেলেটি’ ছোটগল্প সাধারণ পাঠকের হৃদয় স্পর্শ করে। এই ছোটগল্প অবলম্বনে সুভাষ দত্তের পরিচালনায় ‘ডুমুরের ফুল’ চলচ্চিত্রটি জাতীয় পুরস্কার লাভ করে।
বাংলার লোকঐতিহ্য নিয়ে তার সংগ্রহ, সংকলন ও অর্ন্তভেদী গবেষণা তাকে বাংলা ফোকলোর জগতের বিশিষ্টজন হিসেবে স্বীকৃতি দিয়েছে।
লোকসাহিত্য, বেঙ্গলি ফোকলোর, আওয়ার ফোকলোর আওয়ার হেরিটেজ, ফোকলোরিক বাংলাদেশ এবং কিংবদন্তীর বাংলা দক্ষিণ এশিয়ার লোকসাহিত্য গবেষণায় মৌলিক বই হিসেবে বিবেচিত।
বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৬৪ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৮৮ সালে একুশে পদকসহ নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন।
আশরাফ সিদ্দিকী ৪ জুন ১৯৭৬ থেকে ৩০ জুন ১৯৮২ মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনার পাশাপাশি কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের পরিচালক, জেলা গ্যাজেটিয়ারের প্রধান সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান, প্রেস ইন্সটিটিউট ও নজরুল ইন্সটিটিউটের সভাপতির দায়িত্ব পালন করেন।
