করোনাভাইরাস: জুমার খুতবায় থাকবে সচেতনতার বার্তা
নভেল করোনাভাইরাস থেকে সুরক্ষায় করণীয় ও বর্জনীয় বিষয়গুলো শুক্রবার জুমার খুতবায় দেশের সব মসজিদে আলোচনা করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার সরকারের এক তথ্যবিবরণীতে বলা হয়, কেউ সংক্রমিত হয়েছেন বলে সন্দেহ হলে তিনি যেন মসজিদে যাওয়া আসা পরিহার করেন, সে বিষয়টিও ‘ইসলামের দৃষ্টিতে’ জুমার খুতবায় তুলে ধরতে বলা হয়েছে।
পাশাপাশি করোনাভাইরাস থেকে হেফাজতের জন্য আল্লাহর দয়া, ক্ষমা ও করুণা প্রার্থনা করে বিশেষ দোয়া করতে বলা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে।
মাস্ক এর ব্যবহার
মাস্ক ব্যবহার নিয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কিছু পরামর্শও তুলে ধরা হয়েছে সরকারের তথ্য বিরণীতে।
>> সাধারণভাবে সবার মাস্ক পরার প্রয়োজন নেই।
>> তবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা অবশ্যই মাস্ক পরবেন।
>> পর্যবেক্ষণে রাখা ও কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা এবং তাদের পরিবার পরিজনরাও মাস্ক পরবেন।
>> সেবা প্রদানকারী ডাক্তার/নার্স/অন্যান্য স্বাস্থ্যকর্মী/পরিচ্ছন্নতা কর্মীদের মাস্ক পরতে হবে।
>> যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন বয়স্ক ব্যক্তি, লিভার/কিডনি রোগ, ডায়াবেটিস ম্যালাইটাস, স্ট্রোক অথবা ক্যান্সারে ভুগছেন এ ধরনের ব্যক্তিসহ যারা রেডিওথেরাপি বা কেমোথেরাপি নিচ্ছেন, তারাও মাস্ক ব্যবহার করবেন।
