জি কে শামীমের স্ত্রীকে দুদকে জিজ্ঞাসাবাদ
ঠিকাদার জি কে শামীমের ২৯৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় তার স্ত্রী শামীমা সুলতানাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কমিশনের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবদ করে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান।
জিজ্ঞাসাবাদ শেষে শামীমা সুলতানা সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ২১ অক্টোবর জি কে শামীমের বিরুদ্ধে মামলা করেন কমিশনের উপ-পরিচালক মো. সালাউদ্দিন।
সেখানে ‘জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয় শামীমের বিরুদ্ধে, যিনি নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে ঠিকাদারি চালিয়ে আসছিলেন।
এ মামলায় জি কে শামীমকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছেন দুদক কর্মকর্তারা।
গতবছর ২০ সেপ্টেম্বর গুলশানের নিকতনে জি কে শামীমের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
সেখান থেকে নগদ প্রায় দুই কোটি টাকা, পৌনে দুইশ কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার করা হয়। শামীমের সঙ্গে তার সাত দেহরক্ষীকেও গ্রেপ্তার করা হয়।
এরপর শামীমের বিরুদ্ধে মাদক, মুদ্রা পাচার ও অস্ত্র আইনে তিনটি মামলা করে পুলিশ। আর দুদকের পক্ষ থেকে আলাদা মামলা করা হয়।
