ওমরাহর টাকা ১৫ দিনের মধ্যে ফেরত দেওয়ার দাবি
বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস ছড়ানোর কারণে সৌদি আরবে ওমরাহ পালন বন্ধ হওয়ায় প্রায় ১০ হাজার যাত্রীর ভিসা ও টিকেটের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল নাসের এই দাবি তুলে ধরেন।
ওমরাহ বন্ধ হওয়ায় যেসব যাত্রী ভিসা, যাতায়াত, হোটেল, ইনস্যুরেন্স বাবদ টাকা দিয়েছেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি দিয়ে সেই টাকা ১৫ কার্যদিবসের মধ্যে টাকা ফেরতের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
গতবছরের শেষ ভাগে চীন থেকে উদ্ভুত করোনাভাইরাস অর্ধশতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে, আর আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ৯০ হাজারে।
গত বৃহস্পতিবার আরব নিউজ জানায়, ভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে, তার অংশ হিসেবেই ওমরাহযাত্রীদের ওপর এই কড়াকড়ি।
যেসব দেশে করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, সেসব দেশের নাগরিকদের টুরিস্ট ভিসা দেওয়াও বন্ধ করেছে দেশটি।
পাশাপাশি উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোতে বসবাসরত সৌদি নাগরিকরা এতদিন জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেই নিজেদের দেশে যাওয়া-আসার যে সুযোগ পেতেন, তাও আপাতত স্থগিত থাকবে।
