কর্ণফুলী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে ৩ মাস সময়
কর্ণফুলীর তীরে চট্টগ্রাম বন্দর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে তিন মাস সময় বেঁধে দিয়েছে হাই কোর্ট।
ওই সময়ের মধ্যে উচ্ছেদ কাজ শেষ করে বন্দর কর্তৃপক্ষকে আদালতের আদেশের বাস্তবায়ন প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। আগামী ১২ মে বিষয়টি পরবর্তী আদেশের জন্য রাখা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জুলফিকার আজিজ এদিন আদালতে উপস্থিত হয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
আদালতে চেয়ারম্যানের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও আইনজীবী ইমরানুল কবীর। রিট আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
ইমরানুল কবীর পরে সাংবাদিকদের বলেন, “চট্টগ্রাম বন্দরের অধীনে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে বন্দর কর্তৃপক্ষকে তিন মাসের সময় দিয়েছেন হাই কোর্ট।
“এসব স্থাপনা উচ্ছেদের আগে গ্যাস, পনি, বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে বলেছে আদালত। এছাড়া উচ্ছেদ কার্যক্রমে সহায়তা দিতে আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, “আজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হাজির হয়ে লিখিত আবেদন দিয়ে বলেছেন, বন্দর কর্তৃপক্ষ কাজ করছে। ইতোমধ্যে অবৈধ দখলে থাকা ৫৮ একর জমির ৩৫ একর থেকে উচ্ছেদ করা হয়েছে। ২৩ একর থেকে উচ্ছেদে বিভিন্ন সমস্যা আছে। সেজন্য আরও ছয় মাস সময় চান তিনি।
“তখন আমরা তাতে আপত্তি জানাই। আদালত তখন সমস্যাগুলো উল্লেখ করে আবেদন করতে বলেন। পরে তারা লিখিত দেন। সেখানে বন্দর কর্তৃপক্ষ বলেছে, গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করলে তারা উচ্ছেদ করতে পারবে না।
“পরে আদালত পানি, বিদ্যুৎ ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে অবৈধ স্থাপনা তিন মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেয়। এ বিষয়ে একটি প্রতিবেদনও দিতে বলা হয়।”
২০১০ সালের ১৮ জুলাই হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে জনস্বার্থে করা এক রিট আবেদনে হাই কোর্টের একটি বেঞ্চ কর্ণফুলী নদী দখল, মাটি ভরাট ও নদীতে সব ধরনের স্থাপনা নির্মাণ বন্ধের নির্দেশ দেয়।
সেই সঙ্গে স্থানীয় প্রশাসনকে পরবর্তী ছয় মাসের মধ্যে নদীর প্রকৃত সীমানা নির্ধারণ করে প্রতিবেদন দিতে বলে আদালত।
আদালতের নির্দেশের পর চট্টগ্রাম জেলা প্রশাসন ২০১৪ সালের ৯ নভেম্বর কর্ণফুলীর দুই তীরে সীমানা নির্ধারণের কাজ শুরু করে। নেভাল অ্যাকাডেমি সংলগ্ন নদীর মোহনা থেকে মোহরা এলাকা পর্যন্ত অংশে ২০১৫ সালে জরিপের কাজ শেষ হয়।
সেই জরিপে নদীর দুই তীরে প্রায় আড়াই হাজার অবৈধ স্থাপনা চিহ্নিত করে জেলা প্রশাসন। প্রতিবেদনটি ২০১৫ সালের ৯ নভেম্বর উচ্চ আদালতে দাখিল করা হয়।
এরপর ২০১৬ সালের ১৬ অগাস্ট হাই কোর্টের একটি বেঞ্চ কর্ণফুলীর দুই তীরে গড়ে ওঠা স্থাপনা সরাতে ৯০ দিনের সময় বেঁধে দেয়।
সবশেষ ২০১৭ সালের ২৫ নভেম্বর উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য এক কোটি ২০ লাখ টাকা অর্থ বরাদ্দ চেয়ে ভূমি মন্ত্রণালয়ে চিঠি দেন চট্টগ্রামের সে সময়ের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
শেষ পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম শুরু হলেও বাধার মুখে তা বন্ধ হয়ে যায়। এরপর রিট আবেদনকারী পক্ষের এক আবেদনে গত বছরের ৯ এপ্রিল কর্ণফুলী তীরে অবৈধ স্থাপনা অবিলম্বে উচ্ছেদ করতে বন্দর চেয়ারম্যানকে নির্দেশ দেয় হাই কোর্ট। উচ্ছেদ করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়।
কিন্তু পুরোপুরি উচ্ছেদ না করে বন্দর কর্তৃপক্ষ আদালতে সময় চেয়ে আবেদন করে। তখন আদালত তাদের তিন সপ্তাহের সময় বেঁধে দিয়ে বাস্তবায়ন প্রতিবেদন দিতে বলে। কিন্তু সে সময়ের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে ফের সময়ের আবেদন করায় আদালত বন্দরের চেয়ারম্যানকে তলব করে।
