২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা নিয়ে ‘সুখবর’ দেবেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের যে কৌশলগত অবস্থান তাতে ‘ভালো করছেন’ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, এ বিষয়ে ‘সুদূর ভবিষ্যতে’ সুসংবাদ দেবেন তিনি।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2020, 09:41 PM

Updated : 18 Aug 2022, 02:30 PM

মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মোমেন বলেন, “রোহিঙ্গা সমস্যা নিয়ে আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন। এ ব্যাপারে আমাদের যে কৌশলগত অবস্থান তাতে মোটামুটিভাবে ভালো করছি। আমি আশা করছি যে, সুদূর ভবিষ্যতে আমি আপনাদের সুসংবাদ দেব।”

তবে আগের দিন সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেছিলেন, “আশা করা যায়, মিয়ানমার কর্তৃপক্ষ শিগগিরই রাখাইন রাজ্যে সহায়ক পরিবেশ তৈরি করবে এবং দ্রুত রোহিঙ্গাদের তাদের নিজ দেশে প্রত্যাবাসন শুরু করা সম্ভব হবে।“

দেশের অর্থনীতি ‘খুব ভালো’ করছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবে সামনে জলবায়ু পরিবর্তন, অবকাঠামো, আমলাতান্ত্রিক জটিলতাসহ কিছু চ্যালেঞ্জ রয়েছে।

“রাজস্ব আহরণে ঘাটতি আছে। মেটাতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সনাতন পদ্ধতিতে রাজস্ব আহরণ পদ্ধতি বদলাতে হবে।”

পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থনৈতিক কূটনীতির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “বিনিয়োগ, রপ্তানি, রপ্তানির পরিধি বাড়ানো, প্রবাসে বাঙালীদের সেবার মান বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া পাবলিক ডিপ্লোমেসিতেও জোর দেওয়া হয়েছে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে মোমেন বলেন, “বঙ্গবন্ধুর মহানুভবতা তার মেয়েও পেয়েছেন। প্রধানমন্ত্রীর হৃদয় তার পিতার মতো বিশাল।

“১০০টি ইকোনমিক জোন এবং ২৮টি হাই টেক পার্ক তৈরি করছেন। এগুলোতে ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট তাগাদা আসছে। তবে এখানে আমাদের নিজেদের একটা দুর্বলতা, যখন প্রোপোজালগুলো আসে তখন আমরা এত ধীরগতি ও সময় নেই অনেক সময় সেগুলো বেহাত হয়। এ ব্যাপারে সজাগ হতে হবে।”

‘তিন বছরে পেঁয়াজ রপ্তানিকারক’

পেঁয়াজের দাম বাড়ার কারণ ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, “ভারত থেকে ৯০ শতাংশ পেঁয়াজ আমদানি করা হত। এটি বছরের পর বছর হয়ে আসছে। গত ২৯ সেপ্টেম্বর হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। ভারতের বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, ২৫ অক্টোবরের পর পেঁয়াজ রপ্তানির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। কিন্তু দুর্ভাগ্য তাদের নিজস্ব বাজারে সমস্যা তৈরি হয়। তাদেরও পেঁয়াজ আমদানি করতে হয়। এই পরিস্থিতিতে নতুন বাজার থেকে পেঁয়াজ আনতে প্রায় ৫০ দিন সময় লেগেছে।”

পেঁয়াজে আত্মনির্ভরশীল না হলে ভবিষ্যতেও বিপদে পড়তে হবে মন্তব্য করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, এমনভাবে কাজ করতে হবে যাতে আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ পেঁয়াজ রপ্তানিকারক দেশ হবে।”

বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের খুঁজতে কমিশন গঠনের দাবি

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

তিনি বলেছেন, “বঙ্গবন্ধু হত্যার সাথে কারা কারা জড়িত সবাইকে খুঁজে বের করতে একটি তদন্ত কমিশন গঠন করতে হবে। খুনিরা মারা গেলেও তাদের খুঁজে বের করতে হবে। দেশের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করেছিল, তা ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য হলেও এটা করতে হবে।”

শেখ সেলিম এ সময় বঙ্গবন্ধুকে হত্যার পর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি বলেন, “খালেদ মোশাররফ খুনি মোস্তাকের সাথে সমঝোতা এবং বঙ্গবন্ধুর খুনিদের পালিয়ে যেতে সুযোগ দিয়েছিলেন।

“বঙ্গবন্ধুকে হত্যার সময় সেনাপ্রধান কে এম শফিউল্লাহ কোনো পদক্ষেপ নেয়নি। আড়াই ঘণ্টার মধ্যে একটি গাড়িও যদি মুভ করত! শফিউল্লাহ ওই আড়াই ঘণ্টা বসে কী করেছেন? হত্যার পর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ সরকারের প্রতি আনুগত্য স্বীকার করার জন্য রক্ষীবাহিনীকে রেডিওতে পাঠানোর কথা বললেন।”

বঙ্গবন্ধুকে হত্যার পেছনে সেনাবাহিনীর সব সিনিয়র অফিসাররা যুক্ত ছিল অভিযোগ করে শেখ সেলিম বলেন, “বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি ডালিম রেডিওতে গিয়ে ঘোষণা করেন শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। সারা দেশে সামরিক আইন জারির কথা বলেন। এরপর খুনি মোস্তাককে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। রেডিওতে সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করে সেনাপ্রধান শফিউল্লাহ, নৌবাহিনীর প্রধান এম এইচ খান, বিমান বাহিনীর প্রধান এ কে খন্দকার, বিডিআর প্রধান।

“হত্যার পর একজন সিনিয়র অফিসারও বঙ্গবন্ধুর লাশ দেখতে যায়নি। সবাই জড়িত না থাকলে অফিসারসহ দেশের এক লাখ সেনা সদস্য দুইশ জনের কাছে আত্মসমর্পণ করতে পারে? সেই সময় খুনিরা মাদবরি করছিল আর সিনিয়র অফিসাররা চুপ করে ছিলেন।”

তিনি বলেন, “৩ নভেম্বর ক্যু করে খালেদ মোশাররফ আসলেন। তিনি বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের সাথে বঙ্গভবনে গিয়ে সমঝোতা করেন। ক্যুর পর খুনিদের বিদেশে পালিয়ে যেতে সুযোগ দিয়েছিলেন খালেদ মোশাররফ। খুনিরা যখন ইন্টারকন্টিনেন্টাল ও বাংলামোটর এলাকা দিয়ে যাচ্ছিলেন তখন সেনারা কী করবেন জানতে চাইলে তিনি বলেন, ওদের ছেড়ে দাও। সেনা কর্মকর্তারা বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত।

পাকিস্তানভাবাপন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে হয়েছে। শুধু কয়েকজন মেজর গিয়ে মারছে তা নয়। তাদের সাথে অনেক বেসামরিক অফিসাররাও জড়িত। অনেক ব্যবসায়ীও এর পেছনে ছিল।”

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আরও অংশ নেন সরকারি দলের অসীম কুমার উকিল, নূর মোহাম্মদ, মনোয়ার হোসেন চৌধুরী, মো. শাহে আলম, জয়া সেন গুপ্তা প্রমুখ।