মৈত্রী এক্সপ্রেস এখন থেকে চলবে সপ্তাহে ৫ দিন
ঢাকা থেকে কলকাতাগামী ট্রেন সপ্তাহে চার দিনের পরিবর্তে এখন থেকে পাঁচ দিন চলবে।
মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৈত্রী এক্সপ্রেসের চলাচল একদিন বাড়ানোর কথা জানানো হয়।
একই সঙ্গে খুলনা ও কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেসের চলাচলও একদিনের জায়গায় দুই দিন করার কথা জানিয়েছে হাই কমিশন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সূচিতে অতিরিক্ত সার্ভিসের মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যাবে ১১ ফেব্রুয়ারি এবং কলকাতা থেকে ছেড়ে আসবে ১২ ফেব্রুয়ারি।
অন্যদিকে বন্ধন এক্সপ্রেসের অতিরিক্ত সার্ভিস ১৬ ফেব্রুয়ারি কলকাতা থেকে এসে ওই দিনই খুলনা ফিরবে।
মৈত্রী এক্সপ্রেস আগে বুধ, শুক্র, শনি ও রোববার ঢাকা ছেড়ে যেত। এখন মঙ্গলবারও চলবে ট্রেনটি।
কলকাতা থেকে সোম, মঙ্গল, বুধ, শুক্র ও শনিবার মৈত্রী এক্সপ্রেস ছেড়ে আসবে।
বন্ধন এক্সপ্রেস খুলনা থেকে ছাড়ত আগে শুধু বৃহস্পতিবার, এখন রোববারও চলবে ট্রেনটি।
ঢাকা-শিলিগুড়ি ট্রেন জুনে
কলকাতার পর শিলিগুড়িতেও বাংলাদেশ থেকে এবছরই ট্রেন চলাচল শুরু হবে বলে সংসদে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি মঙ্গলবার সংসদে বলেন, “ভারতের সঙ্গে রেলপথ যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুনে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত রেল যোগাযোগ প্রতিষ্ঠা করা হবে।”
শিলিগুড়ি পর্যন্ত ট্রেন গেলে বাংলাদেশ থেকে যেসব পর্যটক দার্জিলিং কিংবা সিকিম যান, তাদের সুবিধা হবে। এখন বাংলাদেশ থেকে সরাসরি শুধু সড়ক পথেই শিলিগুড়ি যাওয়া যায়।
