‘সাত মন্ত্রণালয়ের চাপে নিষ্পেষিত ঢাকার মেয়ররা’
ঢাকায় নাগরিক সেবা দিতে সাতটি মন্ত্রণালয় ও দুই সিটি করপোরেশনের মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি তুলে ধরে স্থপতি ও নগর পরিকল্পনাবিদ মোবাশ্বের হোসেন বলেছেন, মেয়ররাও মন্ত্রণালয়গুলোর চাপে থাকেন।
এজন্য মেয়রদের ক্ষমতা ও কাজের পরিধি বাড়ানোর পক্ষে মত দিয়েছেন তিনি।
রোববার সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদ মিলনায়তনে ‘নিরাপদ, নারীবান্ধব ঢাকা মহানগর গড়ে তোলার লক্ষ্যে নারী কাউন্সিলরদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মোবাশ্বের হোসেন বলেন, “একজন মেয়রের কী ক্ষমতা আছে? ঢাকা শহরের মেয়র ৩০ লাখ ভোটারের ভোটে নির্বাচিত হন। তারা দুইজন মেয়র ১৬ জন এমপির সমান ভোট নিয়ে নির্বাচিত হন। কিন্তু মেয়র মাত্র তিনটি কাজ করতে পারেন। ইলেক্ট্রিক পোলের বাল্ব বদলাতে পারেন, কিন্তু পোলটি এক ইঞ্চি নড়াতে বা সরাতে পারেন না। আরেকটা কাজ হচ্ছে তিনি রাস্তা পরিষ্কার করতে পারেন। তিন নম্বর কাজ হচ্ছে, উনি ট্যাক্স কালেক্ট করবেন।”
সাতটি মন্ত্রণালয় ঢাকা সিটি করপোরেশনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে উল্লেখ করে তিনি বলেন, “ঢাকা শহরে জনগণের সেবা দেওয়ার জন্য সাতটি মন্ত্রণালয় পাগলের মতো কাজ করে। তাদের প্রায় ৫৪টা প্রতিষ্ঠান আছে। সাত মন্ত্রণালয়ের প্রত্যেক মন্ত্রী মনে করেন, এখানে আমিই সবচেয়ে বেশি ক্ষমতাশালী। সাত মন্ত্রণালয়ের প্রেসারের কারণে নিষ্পেষিত হয় মেয়র।”
স্থপতি মোবাশ্বের বলেন, “ঢাকা শহরের মেয়রের চেয়ে অনেক বেশি ক্ষমতাশালী মফস্বলের মেয়র বা চেয়ারম্যান। কারণ মফস্বলের মেয়র বাড়ির প্লান পাস করা, পানির সংযোগ দেন। কিন্তু ঢাকার মেয়রের এই ক্ষমতা নেই।
“এখন মেয়রকে ক্ষমতায়ন করতে হবে। মেয়রকে ক্ষমতায়ন করার প্রথম ধাপ হচ্ছে ওই সাতটি মন্ত্রণালয়ের ওপরে মেয়রকে ঝাঁপির মতো থাকতে হবে। তা না হলে আপনাকে তারা কিছু দেবে না। মন্ত্রীদের কথা বাদই দিলাম, এইসব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, উনারা কিছুতেই ক্ষমতা হাত ছাড়া করতে চায় না।”
ঢাকা নগরীর উন্নয়নে পুরুষ কাউন্সিলরদের মতো নির্বাচিত নারী কাউন্সিলরদেরও সমান সুযোগ দেওয়ার আহ্বান জানান মোবাশ্বের হোসেন।
১৫ বছর ধরে ঢাকা দক্ষিণ সিটি করেপারেশনের ২৭, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন শামসুন নাহার ভূঁইয়া।
পুরুষদের পাশাপাশি কাজ করে আসা এ নারী কাউন্সিলর দায়িত্ব পালনে নানা সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরে বলেন, “সিটি করপোরেশনে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য কমিটি করা হয়। এসব কমিটিতে নারী ২/৩ জন ছাড়া বাকি সবাই পুরুষ। অথচ নারী কাউন্সিলররা নির্বাচনের মাধ্যমে এই পদে আসেন।”
সিটি করপোরেশনের প্রতিটি কাজে নারীদের সমান সুযোগ দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ঢাকা দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক শামসুন নাহার।
দক্ষিণ সিটি করপোরেশনের ১৬, ১৭, ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও প্রার্থী নারগীস মাহতাব বলেন, “আমরা একজন পুরুষের চেয়ে মেধা-শ্রম বেশি দিয়ে থাকি। আমি তিনটি ওয়ার্ডের কাউন্সিলর। একটি ওয়ার্ডের পুরুষ কোনো কাউন্সিললের সমান সুযোগ দিলে তো হবে না। আমাকে তিনটি ওয়ার্ডের কথা চিন্তা করে মানুষের সেবা করতে সুযোগ দিতে হবে।”
দক্ষিণ সিটি করপোরেশনের ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মিনু রহমান বলেন, “অর্থের অভাবে আমরা কাজ করতে পারি না। তিনটি ওয়ার্ডের দায়িত্বে আমি, কিন্তু রবাদ্দ দেওয়ার ক্ষেত্রে অনেক স্বল্পতা থাকে। কিন্তু আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়ে ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসি। এ অবস্থার পরিবর্তন দরকরা।”
মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, “তিরানব্বই সাল থেকে নারীরা বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে কাজ করে আসছে। কিন্তু এত বছর পরও আমরা কাঙ্ক্ষিত অবস্থায় যেতে পারিনি।
“নারীর ক্ষমতায়নের জন্য আগে আমাদের নিজেদের পরিবর্তনের দরকার। নিজেদের শক্তি ধরে রাখতে হবে। তাহলেই নারীদের অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত হবে।”
আলোচনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
এছাড়া মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রেখা চৌধুরী সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম।
