‘তোমাদের সঙ্গে আমিও নামব’ বলে অনশন ভাঙালেন ঢাবি ভিসি
ধর্ষণের বিচার না পেলে আন্দোলনে নামার প্রতিশ্রুতি দিয়ে চার শিক্ষার্থীর অনশন ভাঙালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
গত রোববার রাতে কুর্মিটোলায় সহপাঠিকে ধর্ষণের খবর পেয়ে বিচারের দাবিতে রোববার রাতেই ক্যাম্পাসের রাজু ভাস্কর্যে অনশনে বসেন দর্শন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র মো. সিফাতুল ইসলাম।
পরদিন ধর্ষণকারীর শাস্তি দাবিতে উত্তাল ক্যাম্পাসে সিফাতের সঙ্গে আরও তিন শিক্ষার্থী অনশনে যোগ দেন; তারা হলেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ছাত্র ও ডাকসুর সদস্য সাইফুল ইসলাম রাসেল, তথ্য ও প্রযুক্তি ইনস্টিউটের ছাত্র মোস্তাফিজুর রহমান নাফিজ এবং ইতিহাস বিভাগের ছাত্র মো. আব্দুর রহমান।
মঙ্গলবারও তারা অনশন চালিয়ে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে উপাচার্য রাজু ভাস্কর্যে এসে ওই শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ জানান।
শিক্ষার্থীরা শুরুতে উপাচার্যের অনুরোধে রাজি না হলেও পরে ধর্ষণের বিচার না হলে উপাচার্য নিজেই শিক্ষার্থীদের সঙ্গে প্রতিবাদে শামিল হওয়ার ঘোষণা দিলে নমনীয় হন। তখন উপাচার্য ফলের রস পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙ্গান।
এসময় উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী, সহকারী প্রক্টর আবদুর রহিম, ডাকসুর সাহিত্য সম্পাদক মাযহারুল ইসলাম শয়ন, সদস্য ফরিদা পারভীন, রাকিবুল ইসলাম ঐতিহ্য।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “সরকারের উপরের মহলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। আর যেহেুতু ঘটনাটির সঙ্গে আমরা নিজেরাই জড়িত হয়ে পড়েছি, গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে। আর ভবিষ্যতে যেন এটিই শেষ ঘটনা হয়, সেটাই আমরা প্রত্যাশা করবো।”
তিনি অনশনরতদের উদ্দেশে বলেন, “তোমাদের আন্দোলনের সঙ্গে আমরা একমত রয়েছি। যদি এ কাজটি অর্জন না হয়, তাহলে আমিও তোমাদের সঙ্গে অবস্থানে যাব। তোমরা আমাদের ছেলে। কোনোক্রমেই আমরা চাইবো না যে তোমাদের ক্ষতি হোক।”
সহপাঠি ধর্ষণের প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন এই চার শিক্ষার্থী। ছবি: মাহমুদ জামান অভি
অনশনকারী শিক্ষার্থীরা ধর্ষণকারীকে গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছে। পাশাপাশি বিচার নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিভাবকের ভূমিকা পালন এবং ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগ নেওয়ার দাবিও জানান তারা।
উপাচার্যের অনুরোধে আপাতত অনশন ভাঙলেও ২০ জানুয়ারির মধ্যে এই চার দফা দাবি পূরণ না হলে আবারও একই কর্মসূচিতে ফিরবেন বরে বলে জানিয়েছেন অনশনকারী সিফাতুল ইসলাম।
তিনি সাংবাদিকদের বলেন, “অনশন স্থগিত করেছি। আগামী ২০ জানুয়ারির মধ্যে চার দফা দাবি পূরণ না হলে আবারও অনশন করবো। শুধু মামলার অগ্রগতি নয়, আমরা একটি দৃশ্যমান সামাজিক পরিবর্তন চাই।”
