রাষ্ট্রপতির সঙ্গে শ্রীলঙ্কার বিদায়ী দূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে শ্রীলঙ্কার হাই কমিশনার ক্রিসান্থে ডি সিলভা।
মঙ্গলবার শ্রীলঙ্কার বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় বাংলাদেশ-শ্রীলঙ্কার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে বিদায়ী রাষ্ট্রদূতের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি।
পাশাপাশি দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি আশা করেন, সামনের দিনগুলোতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে।
দুই দেশের বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগাতে বিদায়ী দূতকে আহ্বানও জানান আবদুল হামিদ।
প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি এ সময় উচ্চ পর্যায়ের বাণিজ্যিক প্রতিনিধি দলের সফর বিনিময়ের ওপর জোর দেন।
বিদায়ী দূত সাক্ষাতের সময় তার কর্মকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
ক্রিসান্থে ডি সিলভা বলেন, তার দেশ সবসময় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গুরুত্ব দেয়।
শ্রীলঙ্কা এরইমধ্যে বাংলাদেশে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করেছে জানিয়ে বিদায়ী রাষ্ট্রদূত বলেন, তার দেশ আরও বিনিয়োগে আগ্রহী।
