২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯৯৯ এ ফোন পেয়ে গেল পুলিশ, ধরল আরেক পুলিশকে

জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯ এ এক নারীর ফোন পেয়ে ঢাকার আগারগাঁও থেকে মিরপুর থানার এক এসআইকে ধরে আনল পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2020, 01:11 AM

Updated : 18 Aug 2022, 02:15 PM

মিরপুর থানায় কর্মরত আব্দুর রকিব খান বাপ্পীর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ করেছেন ওই নারী।

বাপ্পীর বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলে।

শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকালে আগারগাঁও বসবাসকারী এক নারী জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে অভিযোগ করেন। তখন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগকারী নারী ও এক যুবককে থানায় ধরে আনে।
পরে পুলিশ জানতে পারে, তারা যে যুবককে ধরে এনেছেন, তিনি তাদের বাহিনীরই সদস্য।

ওসি বলেন, “দুজন স্বীকার করেছেন যে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। কিন্তু ওই নারীর অভিযোগ, তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। বিয়ে না করে টালবাহানা করছে। আজও ওই নারীর বাসায় গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে তার অভিযোগ।”

এখন পুলিশ কী পদক্ষেপ নেবে জানতে চাইলে জানে আলম বলেন, “যদি মামলা হয়, তাহলে গ্রেপ্তার দেখানো হবে। আর দুই পক্ষের মধ্যে মিলমিশ হয়ে গেলে পুলিশের কিছু করার নাই “

তবে ওই নারী মামলার প্রস্তুতিই নিচ্ছেন বলে জানান ওসি।