চার হাজার ইয়াবাসহ ঢাকার মা-ছেলে চট্টগ্রামে গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীর স্টেশন রোড এলাকা থেকে চার হাজার ইয়াবা ট্যাবলেটসহ মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে নগরীর নতুন রেল স্টেশনের সামনের ফুটপাত থেকে তাদের ইয়াবাসহ ধরা হয় বলে জানান কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন।
গ্রেপ্তাররা হলেন- মর্জিনা বেগম (৫০) এবং তার ছেলে কাউছার আহমেদ তুহিন (২৬)। দুইজনই ঢাকার রামপুরার বনশ্রী এলাকায় থাকেন।
ওসি মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফুটপাত থেকে দুইজনকে ধরা হয়। মর্জিনা বেগমের সাথে থাকা ভ্যানিটি ভ্যাগ থেকে দুই হাজার এবং তুহিনের সাথে থাকা ল্যাপটপের ব্যাগ থেকে বাকি দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
“দুইজনই কক্সবাজারের মোহাম্মদ জাবেদ এবং তার স্ত্রী সিফার কাছ থেকে এসব ইয়াবা সংগ্রহ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এসব ইয়াবা ঢাকায় নিয়ে গিয়ে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রির কথা ছিল। ঢাকায় যাওয়ার জন্য চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় তারা অবস্থান করছিল।”
মর্জিনা বেগমের বিরুদ্ধে ঢাকার রামপুরা থানায় কয়েকটি মাদকের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
