২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথ নদী কমিশনের সভা স্থগিত ‘সমঝোতার’ ভিত্তিতে: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে যৌথ নদী কমিশনের সভা স্থগিত ভারতের সঙ্গে ‘সমঝোতার’ ভিত্তিতে হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2019, 07:30 PM

Updated : 10 Oct 2022, 09:48 PM

বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ”ছয়টি নদীর অবকাঠামো নির্মাণের বিষয়ে আলাপ হয়েছে। অনেকগুলো তথ্য পুরোপুরি সংগ্রহ করা হয়নি। সেজন্য এটাকে একটু পিছিয়ে দেওয়া হয়েছে। যখন আমরা পুরোপুরি রেডি হব, তখন এটা হবে।

”এটা জাস্ট সমঝোতার মধ্যে এটা পেছাতে হল। কারণ তথ্য ঠিকমতো না হলে আলোচনাটা ফলপ্রসূ হবে না।”

ছয়টি অভিন্ন নদী নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে দুই দেশের যৌথ নদী কমিশনের দুই দিনের সভা বুধবার থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আগের দিন মঙ্গলবার শেষ মুহূর্তে সেটি পিছিয়ে দেওয়া হয়।

ভারতে নাগরিকত্ব আইন পাস নিয়ে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে গত সপ্তাহেই বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর শেষ মুহূর্তে বাতিল করা হয়েছিল।

তবে নদী কমিশনের সভা পেছানোর সঙ্গে ভারতের নাগরিত্ব আইন পাসের কোনো ’সম্পর্ক নেই’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

কবে নাগাদ এই সভা হতে পারে, সে প্রশ্নে তিনি বলেন, ”এটা আমাদের হোমওয়ার্কের উপর নির্ভর করছে। তথ্য আমরা সংগ্রহ করেছিলাম, পরবর্তীতে মনে হয়েছে, কোথায় কোথায় জানি দুর্বলতা আছে। সেজন্য আবার একটু যাচাই-বাছাই করা হবে।”

ভারতের নাগরিকত্ব বিল নিয়ে এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, “ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ঐতিহাসিকভাবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক। ভারত একটা বড় সরকার। ভারতে যদি বিশৃঙ্খলা দেখা দেয়, আশপাশে এটার কিছুটা প্রভাব পড়তে পারে।

“আমরা চাই গোটা ভারতবর্ষে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি হবে না, যাতে আমরা অসুবিধায় পড়ি।”

Image
বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনার ২৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহিলা পরিষদের সমাবেশে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ছবি: আসিফ মাহমুদ অভি

বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনার ২৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহিলা পরিষদের সমাবেশে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ছবি: আসিফ মাহমুদ অভি

রাজাকারের তালিকা নিয়ে এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই তালিকা আরও আগে হলে ভালো হত। হবে দুর্ভাগ্যবশত ’৭৫-র পরে যে সমস্ত সরকার ছিল তারা এগুলো ইগনোর করেছে। সম্প্রতি প্রকাশিত তালিকাতে কিছুটা দুর্বলতা আছে। সেটা আমরা দূর করব। তবে প্রক্রিয়া চালু হয়েছে সেটা ভালো।”

সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে নারীর অগ্রগতির প্রতিবন্ধকতা চিহ্নিত করে ‘বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনার’ ২৫ বছর পূর্তি উদযাপন আয়োজনে প্রধান অতিথির বক্তব্য দেন আব্দুল মোমেন।

বক্তৃতায় নারী অধিকার প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি সব সংস্থাকে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।

সেই অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরও ভূমিকা রাখা প্রয়োজন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “নারীর লিঙ্গ সমতা পুরুষদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। আজকের অনুষ্ঠানেও পুরুষদের অংশগ্রহণ বেশি হলে আমার ভালো লাগত।”

মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, আইন বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, ইউএন উইমেন-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শোকো ইশিকাওয়া বক্তব্য দেন।