‘জুনিয়রের’ পরিবারে হস্তক্ষেপ না করার শর্তে কায়সার কামালের জামিন
কনিষ্ঠ সহকর্মীর ‘পারিবারিক বিষয়ে’ ভবিষ্যতে কোনো রকম হস্তক্ষেপ করবেন না- এমন শর্তে হাই কোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন প্রতারণার মামলায় গ্রেপ্তার বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
এই আইনজীবীর জামিন আবেদনের শুনানি করে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
আদালতে কায়সার কামালের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও রুহুল কুদ্দুস কাজল। আর মামলার বাদী ব্যারিস্টার আতিকুর রহমানের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
কাজল পরে সাংবাদিকদের বলেন, “এটা মামলার বাদী ব্যারিস্টার আতিকুর রহমান এবং এ মামলার আসামি ব্যারিস্টার কায়সার কামালের মধ্যকার ব্যাপার। দুজনই ইংলিশ বার ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য।
“তাই আদালত বলেছেন, তাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হওয়ার দরকার। বাদীর যে আশঙ্কা-অভিযোগ তা নিরসন করার জন্য সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা ভূমিকা রাখবেন।”
ব্যারিস্টার আতিকুর রহমান আইন পেশায় কাজ করছেন ব্যারিস্টার কায়সার কামালের জুনিয়র হিসেবে। আতিকুরের অভিযোগের প্রেক্ষিতে গত ৪ ডিসেম্বর রাতে কায়সার কামালকে আটক করে কলাবাগান থানা পুলিশ।
পরে কায়সার কামালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে দণ্ডবিধির ৪২০ ধারায় একটি মামলাও করেন আতিকুর।
মামলার অভিযোগে বলা হয়, আতিকুর রহমানের অনুমতি ছাড়া তার স্ত্রীর সঙ্গে ‘যোগাযোগ, গাড়িতে নিয়ে ঘোরা তথা সম্পর্ক’ বজায় রেখেছেন কায়সার কামাল। এই সম্পর্কের ফলে আতিকুর ‘যৌন ও সংসার জীবনে ক্ষতিগ্রস্ত’ হয়েছেন।
ওই মামলায় কায়সার কামালকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। অন্যদিকে কায়সার কামালের পক্ষে জামিন আবেদন করা হয়েছিল।
ঢাকার হাকিম আদালত জামিন নাকচ করে আসামিকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলে জামিনের আবেদন নিয়ে হাই কোর্টে আসেন এই বিএনপি নেতার আইনজীবীরা। বুধবার শুনানি শেষে হাই কোর্ট শর্তসাপেক্ষে তাকে জামিন দিল।
আদেশের পর আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, “আদালত আদেশে বলেছে, ব্যারিস্টার কায়সার কামাল এই মর্মে অঙ্গীকার দেবেন যে, পূর্বে তাদের মধ্যে যতই ভালো বন্ধুত্ব বা পারিবারিক সম্পর্ক থাকুক না কেন, ব্যারিস্টার আতিকের পরিবারের কোনো বিষয়ে কায়সার কামাল কোনো রকম হস্তক্ষেপ করবেন না। জেল সুপারের মাধ্যমে সিএমএম আদালতে এ অঙ্গীকারনামা দিতে হবে।”
আদেশের পরপরই কায়সার কামালের পক্ষে এই অঙ্গীকারনামা দিয়ে দেওয়া হয়েছে বলে জানান তার আইনজীবী।
তিনি বলেন, আদালত কায়সার কামালকে ছয় মাসের জামিন দেওয়ার পাশাপাশি স্থায়ী জামিন প্রশ্নে রুল জারি করেছে।
