ভোলায় ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র রক্ষণাবেক্ষণে জিই
ভোলায় বিপিডিবির ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুটি টারবাইনের রক্ষাণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে জেনারেল ইলেক্ট্রনিকস (জিই) পাওয়ার।
জিই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিডিবির সঙ্গে পাঁচ বছর মেয়াদী চুক্তিটির আওতায় বাংলাদেশের ভোলায় অবস্থিত ২২৫ মেগাওয়াট কম্বাইনড-সাইকেল-গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে স্থাপিত দুইটি টারবাইন ইউনিট জিই ৬এফ.০৩-এর জন্য নির্ধারিত রক্ষণাবেক্ষণের লক্ষ্যে জিই বিভিন্ন যন্ত্রাংশ এবং সেবা সরবরাহ করবে।
ভোলায় বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ২০১৫ সাল থেকে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে রয়েছে।
বিপিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ বলেন, বিদ্যুৎকেন্দ্রগুলো যেন নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার পূরণ করতে পারে সেজন্য সর্বাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য জিই একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
জিই সাউথ এশিয়ার গ্যাস পাওয়ার সিস্টেমসের সিইও দীপেশ নন্দ বলেন, বর্তমানে জিই সারাবিশ্বে সর্ববৃহৎ পাওয়ার প্ল্যান্ট সেবা দিয়ে যাচ্ছে। উন্নত কার্যক্রম নিশ্চিত করতে এবং বিদ্যুৎকেন্দ্রের মালিকদের ঝুঁকি কমাতে বাংলাদেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য বিভিন্ন কাস্টমাইজ সেবা প্রস্তুত রাখা প্রয়োজন।
“জিই গ্রাহকদের সেই সেবা দিতে পেরে গর্বিত।”
জিই বাংলাদেশে ৩৭টি গ্যাস টারবাইন স্থাপন করেছে। এই বহরটিতে ই-ক্লাস, এফ-ক্লাস, ফ্রেম ৫, ফ্রেম ৬ এবং এ্যারোডেরিভেটিভসহ জিইর প্রযুক্তিগুলোর একটি শক্তিশালী পোর্টফোলিও অন্তর্ভুক্ত আছে।
