গুলশানে ওয়্যারহাউজ থেকে মদ ফেনসিডিল উদ্ধার
রাজধানীর গুলশানে একটি বন্ডেড ওয়্যারহাউজে অভিযান চালিয়ে নির্ধারিত পরিমাণের অতিরিক্ত মদ ও নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গুলশান-২ নম্বর সেকশনের ১০৮ নম্বর রোডে 'ইস্টার্ন ডিপ্লোমেটিক সার্ভিসেস লিমিটেড' নামের ওই ওয়্যার হাউজে র্যাব ও কাস্টমসের যৌথ অভিযান চলে।
অভিযানে অনুমোদনের বাইরে রাখা ৩৮৬ বোতল বিদেশি মদ, ৮৫ বোতল ফেনসিডিল ও ৭ লাখ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ওয়্যার হাউজটির সরকারি অনুমোদন থাকলেও তারা অবৈধভাবে অতিরিক্ত মদ এবং মাদকদ্রব্য মজুদ রেখেছিল। সেখান থেকে বিভিন্ন ক্লাবে মাদকও সরবরাহ করা হতো।
“বৈধ কাজের আড়ালে তারা কিছু অনিয়ম করেছে। যার কাছে বিক্রি করার কথা তারা এগুলো তার কাছে বিক্রি না করে ব্ল্যাক মার্কেটে দিয়েছে। আমাদের জানামতে এসব বিদেশি মদ ঢাকার বিভিন্ন ক্যাসিনো ও ক্লাবে সরবরাহ করা হত।"
কাস্টমস কর্মকর্তা ফখরুল আলম চৌধুরী বলেন, ওই ওয়্যার হাউজকে আগেও অতিরিক্ত মদ রাখায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এবারের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ওই ওয়্যারহাউজ সিলগালা করা হয়েছে জানিয়ে র্যাব কর্মকর্তারা বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মাদক ও চোরাচালান আইনে মামলা করা হবে।
