২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠিকাদারের ভুলে বিদ্যুতের লাইন কাটা, গড়িমসি ডেসকোর

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সুয়ারেজ লাইনের কাজ চলাকালে ঠিকাদারের ভুলে বিদ্যুতের তার কাটা পড়ার পর গ্রাহকের কাছ থেকে অর্থ আদায় করলেও টাকা ও সংযোগ কোনোটাই ফিরিয়ে দেয়নি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2019, 12:39 AM

Updated : 10 Oct 2022, 09:30 PM

ভুক্তভোগী গ্রাহক আশরাফ আলী থাকেন উত্তরার তিন নম্বর সেক্টরের ১৪ নম্বর সড়কের ৮ নম্বর ভবনে। গত ২৮ সেপ্টেম্বর সুয়ারেজ লাইন প্রশস্ত করার কাজের সময় মাপজোকে ভুল করে এ বাড়ির ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে দেয় ওই কাজের ঠিকাদার।

পরে রাতে ওই বাড়িতে অস্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ দেয় ডেসকো।

তবে বিদ্যুতের স্থায়ী সংযোগ এখনও ফিরে পাননি বলে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আশরাফ আলী।

ভুল ঠিকাদারের হলেও সংযোগ ফিরে পেতে ডেসকোকে অর্থ দিতে হয়েছে বলে জানান তিনি; যদিও তা নেওয়ার কথা নয় বলে খোদ ডেসকো কর্মকর্তা জানিয়েছেন।

সিটি করপোরেশন, ঠিকাদারের সঙ্গে কয়েকদিন দেনদরবার করেও কোনো ফল না পাওয়ার কথা জানিয়ে আশরাফ বলেন, “বিদ্যুৎ ছাড়া শহরের দৈনন্দিন জীবন কল্পনা করা যায় না। তাই বাধ্য হয়ে ডেসকোর দাবি অনুযায়ী লাইন পুনঃস্থাপন করার জন্য ৪৭ হাজার ৪৬৬ টাকা জমা দিয়েছি।”

তিনি বলেন, গত ৩০ সেপ্টেম্বর ডেসকোর আঞ্চলিক কার্যালয়ে গেলে কর্মকর্তারা লাইন মেরামতের জন্য খরচ জমা দিয়ে যেতে বলেন। তাদের কথা অনুয়ায়ী ওই টাকা জমা দেন তিনি।

ওই ভবনের নিরাপত্তাকর্মী ও বাসিন্দাদের অভিযোগ, ঘটনার জন্য দায়ী প্রতিষ্ঠানকে ‘রক্ষার জন্য’ নিয়ম বহির্ভূতভাবে গ্রাহকের ওপর ক্ষতিপূরণের দায় চাপিয়েছে ডেসকো।

তাদের ভাষ্যে, ঘটনার সময় মাটি খননের কাজে নিয়োজিত শ্রমিক ছাড়া অন্য কোনো কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন না।

“ওই স্থানে বিদ্যুতের তার রয়েছে বলে খনন শ্রমিকদের আগেই সতর্ক করা হয়েছিল। তার পরেও তারা ওই স্থান থেকেই কাজ শুরু করেছেন।”

জিকে এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ওই এলাকায় সুয়ারেজ লাইন মেরামতের কাজে রয়েছে।

ওই এলাকার দায়িত্বে থাকা সিটি করপোরেশনের প্রকৌশল শাখার কর্মকর্তা প্রকৌশলী হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “এ ধরনের কাজ করতে গেলে ডেসকো অথবা সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সিটি করপোরেশনের প্রতিনিধি, ঠিকাদার প্রতিনিধি যৌথভাবে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হয়।

“কিন্তু সেখানে মাটি কাটার কাজে নিয়োজিত শ্রমিকদের ভুল তথ্য দেওয়া হয়েছিল। ডেসকোর প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। এর পরেও আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে ক্ষতিপূরণের অর্থ ভাগাভাগি করে নিতে পরামর্শ দিয়েছি। তারা সেই কাজটি করেছে কি না বলতে পারছি না।”

বাড়ির মালিক আশরাফ আলী বলেন, “সিটি করপোরেশনের কর্মকর্তারা বিষয়টির সুরাহা করে দেবেন বলে বার বার আশ্বাস দিলেও তারা কথা রাখেননি।

“ডেসকোর কর্মকর্তাদের কাছ থেকেও টাকা ফেরত পাওয়ার কোনো আশ্বাস পাওয়া যায়নি।”

গ্রাহকের এই অভিযোগ প্রসঙ্গে ডেসকোর পরিচালন শাখার পরিচালক নুর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রাহকের কাছ থেকে এই ধরনের সমস্যার জন্য অর্থ আদায় করার নিয়ম নেই। এমনটি হওয়ারও কথা নয়।”