২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদ ভূঁইয়া কারাগারে

ক্যাসিনো চালানোর অভিযোগে গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2019, 06:08 PM

Updated : 18 Aug 2022, 05:55 PM

রোববার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত খালেদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন মুদ্রা পাচার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাতদিনের রিমান্ড শেষে খালেদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। খালেদের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৮ সেপ্টেম্বর রাতে গুলশানের বাসা থেকে খালেদ মাহমুদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে গুলশান ও মতিঝিল থানায় খালেদের বিরুদ্ধে মোট চারটি মামলা করা হয়।

গুলশান থানায় অস্ত্র, মাদক ও মানিলন্ডারিং আইনে তিনটি মামলা এবং মতিঝিল থানায় মাদক আইনের আরেকটি মামলা করা হয়। গত ১৯ সেপ্টেম্বর খালেদকে অস্ত্র আইনের মামলায় চারদিন এবং মাদক মামলায় তিনদিনের রিমান্ডের আদেশ দেয় আদালত।

২৭ সেপ্টেম্বর অস্ত্র এবং মাদক মামলায় ফের পাঁচদিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

আর ৭ অক্টোবর মুদ্রা পাচারের মামলায় চারদিন এবং মতিঝিল থানার মাদকের তিনদিনের রিমান্ডে পাঠানো হয় খালেদকে।

পুরনো খবর:

যুবলীগের খালেদ আরও সাত দিনের রিমান্ডে