২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছেদের নেপথ্যে ভাগ-বাটোয়ারার দ্বন্দ্ব, অভিযোগ হকারদের

হকারদের কাছ থেকে নেওয়া টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে স্থানীয় রাজনীতিকদের দ্বন্দ্বের কারণেই হকার উচ্ছেদ শুরু হয় বলে অভিযোগ করেছেন একটি সংগঠনের নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2019, 10:25 PM

Updated : 18 Aug 2022, 05:52 PM

বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সমাবেশ থেকে এই অভিযোগ আসে।

পুরান ঢাকার উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের দাবিতে এ সমাবেশ হয়।

হকার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মঞ্জুর মঈন বলেন, “আজকে কোনো একটা ঘটনা ঘটলে হকারদের উচ্ছেদ করা শুরু হয়ে যায়। হকারদের সামান্য আয় থেকে ভাগ নেওয়ার জন্য সিটি করপোরেশন ও নেতারা উঠে পড়ে লাগেন। কে পায় না এ টাকার ভাগ? যখন তাদের দ্বন্দ্ব শুরু হয়, তখনই সিটি করপোরেশন হকারদের উচ্ছেদ করতে আসে।”

সমাবেশে হকার নেতা আখতার হোসেন বলেন, বিনা নোটিসে হকারদের উচ্ছেদ করার পর তারা মানবেতর দিনযাপন করছেন। প্রশাসনের কর্তাব্যক্তি ও স্থানীয় ওয়ার্ড কমিশনারদের কাছে নিজেদের সমস্যার কথা বলতে গেলেও কোনো সুরাহা হচ্ছে না।

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসন না করলে তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ফুটপাত থেকে হকার উচ্ছেদের পর তাদের শুক্র ও শনিবার সারা দিন এবং সপ্তাহের অন্য কর্ম দিবসে অফিস ছুটির পর ফুটপাতে বসতে বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

তবে হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশেমের অভিযোগ, মেয়রের  নির্দেশ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হচ্ছে না।

সমাবেশে সংহতি প্রকাশ করে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, “৪-৫ বছর ধরে হকারদের এই আন্দোলন চলছে। এটি কোনো বেআইনি আন্দোলন নয়, এটি অধিকার রক্ষার আন্দোলন।”

গ্রাম থেকে শহরে কর্মসংস্থানের খুঁজে শহরে আসা হকারদের পুনর্বাসন করতে না পারলে সরকার যেন তাদের গ্রামেই কর্মসংস্থানের সুযোগ করে দেয়, সেজন্য সরকারের প্রতি অনুরোধ করেন তিনি।

সমাবেশে হকার পুনর্বাসনে জাতীয় নীতিমালা প্রণয়নের দাবিও জানান শাহ আলম।

পরে হাশেম জানান, আগামী বৃহস্পতিবার ও তারা হকার পুনর্বাসনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুনরায় সমাবেশ করবেন।