রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিলেন চার দূত
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের নতুন রাষ্ট্রদূত বংশীধর মাসরা।
সোমবার বিকেলে নেপালের নতুন দূত বঙ্গভবনে যান।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, নেপালের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।”
রাষ্ট্রপতি আরও বলেন, দুই দেশের মধ্যে পর্যটন খাতে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি উভয় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি উভয় দেশের সম্ভাবনাকে কাজে লাগাতে রাষ্ট্রদূতকে সার্বিক প্রয়াস চালানোর আহ্বান জানান।
এসময় রাষ্ট্রদূতকে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রদূত বংশীধর দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
পরে লেবাননের অনাবসিক রাষ্ট্রদূত রাবি নারস, কম্বোডিয়ার অনাবাসিক দূত ইউএনজি সিন, সুদানের অনাবাসিক দূত আহমেদ ইউসিফ মোহামেদ এলসিদিগ পৃথকভাবে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।
রাষ্ট্রপতি বলেন, ওষুধ, তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে বাংলাদেশ তুলনামূলক কম মূল্যে বিশ্বমানের পণ্য উৎপাদন করে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ পৃথিবীর শতাধিক দেশে পণ্য রপ্তানি করে থাকে।
রাষ্ট্রপতি দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এলক্ষ্যে দেশগুলোর সঙ্গে সরকারি-বেসরকারি সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় দূতরা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা চেয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে তারা সর্বাত্মক প্রয়াস চালাবেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল শামিম উজ জামানসহ বঙ্গভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের পৃথকভাবে গার্ড অব অনার দেয়।
