ঢাবিতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধে সায় নেই নূরের
ডাকসুর সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের পক্ষে সিদ্ধান্ত হওয়ার যে ঘোষণা এসেছে, তাতে সায় নেই এই ছাত্র সংসদের ভিপি নুরুল হক নূরের।
ওই ঘোষণা আসার পরদিন শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন ও সদস্য রকিবুল ইসলাম সভায় এই প্রস্তাব তুললে তিনি তাতে আপত্তি জানিয়েছিলেন।
তার বক্তব্য ছিল: “বাংলাদেশের সংবিধান মোতাবেক প্রচলিত আইন ও নিয়ম কানুন মেনে যেসব রাজনৈতিক দল তাদের কার্যক্রম পরিচালনা করছে, কিংবা যে সব ধর্মভিত্তিক দল নির্বাচন কমিশনের নিবন্ধন নিয়ে রাজনীতি করছে ঢাবিতে তাদের ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধকরণে ডাকসু বা ঢাবি কর্তৃপক্ষের কোনো এখতিয়ার নেই। সুতরাং এ ধরনের কোন সিদ্ধান্ত আমরা ডাকসু থেকে নিতে পারি না।
“তাই ধর্মভিত্তিক রাজনীতি নয়, বরং উগ্রপন্থি, সন্ত্রাসী ও মৌলবাদী সাম্প্রদায়িক সংগঠন যাতে ঢাবিতে কোন ধরনের কার্যক্রম চালাতে না পারে, সেজন্য ডাকসু থেকে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি।”
বৃহস্পতিবার ওই সভা শেষে ডাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বৈঠকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে সিদ্ধান্ত হওয়ার কথা জানান।
তিনি বলেছিলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মূল্যবোধ ও চেতনার জায়গা। সুতরাং এখানে ধর্মভিত্তিক, সাম্প্রদায়িক রাজনীতি চর্চার সুযোগ নাই এবং তারা যাতে কোনো ধরনের তৎপরতা চালাতে না পারে বা কর্মকাণ্ড পরিচালিত করতে না পারে, সে বিষয়ে যেন সকলে যত্নশীল থাকে, সেজন্য ডাকসুর তরফ থেকে বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানানো হয়েছে।
“বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোরামে সেগুলো নিষিদ্ধ করে যেন আইনে পরিণত করা হয় সেই দাবিও জানানো হয়েছে।”
সে সময় ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, “ডাকসুর প্রস্তাব অনুযায়ী ধর্মভিত্তিক ছাত্ররাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
“আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিখিতভাবে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ আছে। কিন্তু আজকে এটি কেবল প্রস্তাব নয়, লিখিত আকারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সাথে ডাকসুর গঠনতন্ত্রে এ সম্পর্কিত ধারা সংযোজন ও বিশ্ববিদ্যালয়ের আইন-কানুনে এটি সন্নিবেশ করার আহ্বান জানানো হয়েছে।”
